২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের ব্যাটসম্যানদের ভুলের কথা বললেন ভারতীয় পেসারও

উমেশ যাদবের মতে, অতিরিক্ত শট খেলতে গিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 09:53 PM

Updated : 22 Dec 2022, 09:53 PM

ওপেনিং জুটি থমকে গেছে ৩৯ রানে। মিডল অর্ডারে টানা চারটি জুটি ৪০ ছুঁয়েও যেতে পারেনি ফিফটি পর্যন্ত। বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র কিছুটা ফুটে ওঠে এতেই। ভারতের বোলারদের কাজ খুব একটা কঠিন করে তুলতে পারেননি সাকিব আল হাসান, লিটন কুমার দাসরা। ভারতীয় পেসার উমেশ যাদব অকপটেই বললেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা অতিরিক্ত শট খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন।

মিরপুর টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ২২৭ রানে। উইকেটে পেসারদের জন্য সহায়তা খুব একটা ছিল না। তার পরও উমেশের শিকার ৪ উইকেট। আরেক পেসার জয়দেব উনাদকাট ১২ বছর পর টেস্টে ফিরে নেন ২ উইকেট।

স্পিনে রবিচন্দ্রন অশ্বিনের বাড়তি বাউন্স ও টার্ন ব্যাটসম্যানদের বিপক্ষে ফেলেছে বটে। তবে উমেশ-অশ্বিনরা বেশির ভাগ উইকেটই পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে উপহার।

ব্যাটিং অর্ডারের প্রথম ৭ ব্যাটসম্যানের সবাই উইকেটে সময় কাটান আধ ঘণ্টার বেশি। কিন্তু মুমিনুল হক ছাড়া কেউ ইনিংসকে টেনে নিতে পারেননি এক ঘণ্টায় কিংবা উল্লেখযোগ্য কোনো স্কোরে। জাকির হাসান, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা আউট হন মূলত নিজেদের ভুলেই।

দিন শেষে সংবাদ সম্মেলনে উমেশ যাদব বললেন, তারা স্রেফ মৌলিক কাজটা করে গেছেন, বাকি সহায়তা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাই।

“বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো শুরু করেছে। কিন্তু এই ধরনের উইকেটে ধৈর্য ধরতে হবে। আমার মনে হয়, ওরা একটু বেশিই শট খেলেছে। তারা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করেছে, হতে পারে এটা তাদের ধরন। আমরা চেষ্টা করেছি সঠিক জায়গায় বল রাখতে।”