২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দলের সামনেই খোলা শীর্ষ দুইয়ের দুয়ার

কোয়ালিফায়ারের ৪ দল নিশ্চিত হলেও প্রথম পর্বের বাকি ম্যাচগুলিতে জড়িয়ে সেরা দুইয়ে থাকার সমীকরণ।

শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 08:36 PM

Updated : 06 Feb 2023, 09:17 PM

বিপিএলে ৮ ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে কোয়ালিফায়ারের ৪ দল। তবে পুরোপুরি অর্থহীন হয় পড়েনি বাকি ম্যাচগুলি। ফাইনালে যেতে একাধিক সুযোগ পাওয়ার জন্য সেরা ৪ দলই এখন শীর্ষ দুইয়ে থাকার অভিযানে।

সবার ওপরে থাকা সিলেট স্ট্রাইকার্সের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। পথ খোলা আছে পরের তিন দল ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের সামনেও। 

বাদ পড়ে যাওয়া ঢাকা ডমিনেটর্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের জন্য ম্যাচগুলি স্রেফ নিয়ম রক্ষার বলা চলে। তবে তাদের বিপক্ষে ম্যাচের ফলের ওপর বদলে যেতে পারে সেরা চার নিশ্চিত করা দলগুলির ভাগ্য।

প্রথম পর্ব শেষে সেরা দুইয়ে থাকা দুই মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১ ম্যাচে। অন্য দুই দল খেলবে এলিমিনেটর। কোয়ালিফায়ার-১ জয়ী দল চলে যাবে ফাইনালে। এলিমিনেটর জয়ী দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে কোয়ালিফায়ার-১ হেরে যাওয়া দলের বিপক্ষে।

সিলেট স্ট্রাইকার্স

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিলেট। তবে তাদের সেরা দুইয়ে থাকা এখনও অনিশ্চিত। প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে জিতলে ১৮ পয়েন্ট হবে তাদের।

বাকি তিন দলের মধ্যে আরও দুইটি দলের সামনেও আছে ১৮ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা। ম্যাচ জয়ের সংখ্যাও তখন তিন দলের হবে সমান। সেক্ষেত্রে নেট রান রেটে হবে শীর্ষ দুইয়ের মীমাংসা। আপাতত +০.৭০৫ নেট রান রেট নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে সিলেট। শেষ ম্যাচ জিতলে সেই রান রেট বাড়বে আরও।

সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ উইকেটের হার বড় ধাক্কা ছিল সিলেটের জন্য। ওই ম্যাচে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোটের কারণে খেলতে পারেননি, আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডাকে আগেই চলে যান সিলেটের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

বোলিং আক্রমণে এই তিনজনের অনুপস্থিতি ভোগায় সিলেটকে। ১৭০ রানের পুঁজি নিয়েও ১৮ ওভারে হেরে যায় ম্যাচ।

তবে তাদের জন্য বড় সুখবর, প্রথম পর্বের শেষ ম্যাচটি খেলতে আবার বাংলাদেশে আসছেন ইমাদ ও আমির। এছাড়া চোট পুরোপুরি না সেরে উঠলেও খুলনার বিপক্ষে মাশরাফির খেলার সম্ভাবনা প্রবল।

মূলত খুলনার বিপক্ষে ম্যাচটি জিতে শীর্ষ দুই নিশ্চিত করার জন্যই ইমাদ-আমিরকে ফেরানোর পাশাপাশি মাশরাফিকে খেলানোর জন্য একরকম মরিয়া সিলেট।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্যাটিং কোচ তুষার ইমরানও পরিষ্কার করে দেন দলের লক্ষ্য।

“আমরা এক নম্বরেই ছিলাম (এখনও আছে)। তবে এখন সমীকরণটা একটু ভিন্ন হয়ে গেছে। অনেকের দুইটা করে ম্যাচ আছে। আমাদের একটা আছে। আমরা জিতলে শীর্ষে থেকে শেষ করব। তাতে আমাদের জন্য একটু সুবিধা হবে। কোয়ালিফায়ারে দুইটা সুযোগ থাকবে।”

“আগামীকাল (মঙ্গলবার) এসে হয়তো তারা (ইমাদ ও আমির) একটা ম্যাচ খেলবে। ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিততে পারলে হয়তো শীর্ষে থেকে শেষ করব। এজন্যই টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওদের একটা ম্যাচের জন্য আনার ব্যাপারে।”

খুলনার বিপক্ষে খেলেই চলে যাবেন ইমাদ ও আমির। শেষ চারের ম্যাচগুলির জন্য সিলেট দলে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা।

শেষ ম্যাচ হারলেও অবশ্য সেরা দুইয়ে থাকার পথ খোলা থাকবে সিলেটের সামনে। সে ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য তিন দলের বাকি ম্যাচের ফলাফলের দিকে।

ফরচুন বরিশাল

সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরিশাল। তাদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা ও খুলনা।

শেষ চার নিশ্চিত করা দলগুলির মধ্যে সবচেয়ে ভালো নেট রান রেট বরিশালের (+০.৭৫৫)। কুমিল্লা ও খুলনার বিপক্ষে জিতলে নেট রান রেট বিবেচনায় সবার ওপরে থেকে কোয়ালিফায়ার পর্ব শুরু করার সুযোগ থাকছে তাদের সামনে।

তবে একটি ম্যাচও হেরে গেলে শেষ হয়ে যেতে পারে তাদের সেরা দুইয়ে থাকার সম্ভাবনা। তখন সিলেটের মতোই অন্য ম্যাচগুলির ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

শেষ চার নিশ্চিত হলেও তাই জয়ব্যতীত কিছু ভাবছে না বরিশাল। কুমিল্লার বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনের ফাঁকে দলের পেসার খালেদ আহমেদ জানালেন সেই কথা।

“আমাদের সামনে যে দুইটা ম্যাচ আছে, তা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামীকালের ম্যাচটি। আমরা ওভাবেই এগোচ্ছি। আমাদের এখন পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই। আমাদের চেষ্টা থাকবে পরের দুই ম্যাচ জিতে এক-দুইয়ে থাকার।”

পিএসএলের প্রদর্শনীমূলক ম্যাচ খেলতে গত শুক্রবার নিজ দেশে ফিরে গিয়েছিলেন বরিশালের হয়ে দারুণ ফর্মে থাকা ইফতিখার আহমেদ। কুমিল্লার বিপক্ষে ম্যাচের জন্য আবার আসছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। ওমরাহ পালন শেষে ফিরেছেন অধিনায়ক সাকিবও।

বরিশালের জন্য দুভার্বনার জায়গাও আছে। মাংসপেশিতে টান লাগায় সবশেষ তিন ম্যাচ খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। কুমিল্লার বিপক্ষেও অনিশ্চিত এই অলরাউন্ডার। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উতরে গেলে তবেই পাবেন খেলার সবুজ সঙ্কেত।

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকে দলে নিয়েছে বরিশাল। খুলনার বিপক্ষে ম্যাচ থেকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বরিশালের মতোই ১০ ম্যাচের ৭টি জিতেছে কুমিল্লা। নেট রান রেটে (+০.৪৪৯) পিছিয়ে থাকায় আপাতত তিন নম্বরে রয়েছে তারা। শেষ দুই ম্যাচে বরিশাল ও রংপুরের মুখোমুখি হবে ইমরুল কায়েসের দলকে।

দুইটি ম্যাচই সেরা চারে থাকা দুই দলের বিপক্ষে হওয়ায় শীর্ষ দুইয়ে থাকার জন্য অন্তত একটি জয় পেতেই হবে কুমিল্লাকে। পাশাপাশি অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফল পক্ষে আসার জন্য।

তবে দুইটি ম্যাচ জিতলে নিশ্চিতভাবেই সেরা দুইয়ে থাকবে তারা।

দলের শক্তি বাড়াতে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা অলরাউন্ডার সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলকে বাকি ম্যাচগুলির জন্য আনছে কুমিল্লা। এছাড়া পাকিস্তানে ফিরে যাওয়া অলরাউন্ডার খুশদিল শাহও আসছেন প্রথম পর্বের বাকি দুই ম্যাচের জন্য।

তবে আপাতত বরিশালের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে কুমিল্লা, বললেন দলের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল।

“বরিশাল ভালো দল। আমরাও ভালো। আমরা আশাবাদী। নিজেদের সেরা পরিকল্পনাটাই করছি। আমাদের আত্মবিশ্বাস আছে ভালো খেলে ম্যাচটা শেষ করব।”

রংপুর রাইডার্স

সবশেষ ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্টের হিসেবে বরিশাল ও কুমিল্লার পাশে জায়গা করে নিয়েছে রংপুর। তবে তিন দলের মধ্যে তাদের নেট রান রেট (+০.৩৮৮) সবচেয়ে কম। তবু জটিল সমীকরণে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা টিকে আছে দলটির।

বাকি দুই ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার বিপক্ষে লড়বে রংপুর। এক ম্যাচেও হারলে নেট রান রেটে ধাক্কা লাগবে তাদের। তাই দুই ম্যাচই জেতা রংপুরের জন্য সবচেয়ে ‘সহজ’ পথ। সেক্ষেত্রেও অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।

এছাড়া শুধু কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে জিতেও অনেক ‘যদি-কিন্তু’র হিসেব মিলিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার টিকেট পাওয়ার আশা বেঁচে আছে তাদের।

বরিশাল, কুমিল্লা ও রংপুরের প্রত্যেকেই যদি অন্তত একটি করে ম্যাচ হেরে যায় তাহলে সহজ হবে সিলেটের পথ। আর ১৬ পয়েন্ট পাওয়া তিন দলের ভাগ্য নির্ধারণ হবে নেট রান রেটের হিসেবে। যেখানে আপাতত এগিয়ে বরিশাল।