২০ হাজারের ক্লাবে গাভাস্কার, টেন্ডুলকার ও দ্রাবিড়ের সঙ্গী পুজারা
প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে মাইলফলকটি স্পর্শ করেছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
সপ্তাহ দুয়েক আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ এক কীর্তি গড়া চেতেশ্বর পুজারা এবার স্পর্শ করলেন আরেকটি বড় মাইলফলক। দীর্ঘ পরিসরের এই সংস্করণে ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০ হাজার রানের ক্লাবে পা রাখলেন ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।
চলমান রঞ্জি ট্রফিতে ভিদার্ভার বিপক্ষে ম্যাচে এই অর্জন ধরা দেয় পুজারার হাতে। ভারতীয় ক্রিকেটের তিন ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার, সাচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের সঙ্গী এখন তিনি।
২০ হাজার থেকে ৯৬ রান কম নিয়ে গত শুক্রবার শুরু হওয়া ম্যাচটি খেলতে নেমেছিলেন ৩৫ বছর বয়সী পুজারা। সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে ভালো শুরু পেলেও বেশি দূর যেতে পারেননি তিনি, আউট হয়ে যান ৪৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করার পথে ২০ হাজারের ঠিকানায় পা রাখেন পুজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের রান এখন ২০ হাজার ১৩, ব্যাটিং গড় ৫১.৯৮।
ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে থাকা গাভাস্কার ৩৪৮ ম্যাচে ৫১.৪৬ গড়ে করেন ২৫ হাজার ৮৩৪ রান। টেন্ডুলকার ২৫ হাজার ৩৯৬ রান করেন ৫৭.৮৪ গড়ে, ম্যাচ খেলেন তিনি ৩১০টি। আর ভারত দলের বর্তমান প্রধান কোচ দ্রাবিড়ের ২৩ হাজার ৭৯৪ রান আসে ৫৫.৩৩ গড়ে, ২৯৮ ম্যাচ থেকে।
৬১ সেঞ্চুরি ও ৭৮ ফিফটিতে করা পুজারার এই ২০ হাজার রানের এক-তৃতীয়াংশ এসেছে ভারতের হয়ে খেলা টেস্ট থেকে। ১০৩ টেস্টে ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটিতে ৭ হাজার ১৯৫ রান করেছেন তিনি। আর রঞ্জি ট্রফিতে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলে তার রান ৩ হাজার ৮৫৯, সেঞ্চুরি ১২টি ও ফিফটি ১১টি।
দারুণ এক ডাবল সেঞ্চুরি দিয়ে এবারের রঞ্জি ট্রফি শুরু করেন পুজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার ১৭তম দ্বিশতক। এই সংস্করণে সবচেয়ে বেশি দ্বিশতক করা ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে চতুর্থ তিনি। এবার গড়লেন আরেকটি কীর্তি।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ইংলিশ গ্রেট জ্যাক হবসের। ৮৩৪ ম্যাচে ৫০.৭০ গড়ে করেন ৬১ হাজার ৭৬০ রান। এই সংস্করণে সবচেয়ে বেশি ১৯৯ সেঞ্চুরির রেকর্ডটিও তার।
