‘প্রচেষ্টা আমাদের হাতে, ফল নয়’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিবাচক থেকে প্রতিটি ম্যাচ খেলতে চান পাকিস্তান অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়নি পাকিস্তানের। তবে এতে খুব হতাশ হওয়ার কিছু দেখছেন না বাবর আজম। বৈশ্বিক আসরে নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন দলটির অধিনায়ক। তার মতে, ইতিবাচক থেকে ম্যাচ খেললে ফল তাদের পক্ষে আসবেই।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপার সম্ভাবনা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু সেবার ফাইনালে ভারতের বিপক্ষে হেরে ভাঙে তাদের স্বপ্ন। পরের আসরেই অবশ্য ট্রফি ঘরে তোলে তারা। এরপর আর শিরোপার স্বাদ পায়নি দলটি।
সবশেষ দুই আসরে অবশ্য দারুণ খেলেছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। ২০২১ সালে সেমি-ফাইনাল খেলা দলটি গত আসরে ওঠে ফাইনালে। সেবার তাদের আশা ভেঙে শিরোপা উল্লাস করে ইংল্যান্ড। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেকটি আসরে নামার অপেক্ষায় বাবরের দল।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এবারের বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকার কথা পাকিস্তানের। কারণ কিছুদিন আগে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে হেরেছে তারা। বিশ্বকাপের আগে আগে কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ না খেলা দলটি ইংল্যান্ড সিরিজকে বেছে নেয় নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ হিসেবে। সেখানেও ব্যর্থ তারা। বৃষ্টিবিঘ্নিত চার ম্যাচের সিরিজে দুটি খেলার সুযোগ পেয়ে দুটিতেই হারে এশিয়ার দলটি।
তবে, প্রস্তুতি আদর্শ না হলেও খুব একটা ভাবছেন না বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্টে রোববার সতীর্থদের ইতিবাচক থাকার পরামর্শ দিলেন তিনি।
“প্রচেষ্টা আমাদের হাতে, কিন্তু ফলাফল, সেটা নয়। মাঠে আমরা নিজেদের কীভাবে উপস্থাপন করছি, আমাদের শরীরী ভাষা কেমন এবং পরস্পরের সঙ্গে বোঝাপড়া কেমন হচ্ছে, এগুলোই মূল বিষয়। আমাদের ইতিবাচক থাকতে হবে, তাতেই ফল (আমাদের পক্ষে) আসবে…”
“যুক্তরাষ্ট্রের কন্ডিশন চ্যালেঞ্জিং হতে পারে, যেহেতু আমরা প্রথমবার জাতীয় দল হিসেবে সেখানে খেলতে যাচ্ছি। সেখানে খেলা ক্রিকেটারদের থেকে ম্যাচ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছি, যা আমাদের প্রস্তুতিতে সহায়তা করতে পারে।”
পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী বৃহস্পতিবার, প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। তিন দিন পর ভারতের মুখোমুখি হবে দলটি। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি নিয়ে বাবরও কথা বললেন।
“ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই সবচেয়ে বেশি আলোচিত। বিশ্বের যেখানেই যান না কেন, এই ম্যাচ নিয়ে অনেক বেশি কথা হয়। খেলোয়াড়দের মধ্যে ভিন্ন ধরনের আবহ ও রোমাঞ্চ কাজ করে। সবাই নিজেদের দেশকে সমর্থন করবে, তাই মনোযোগ ওই ম্যাচের দিকেই থাকে। ভারত-পাকিস্তান ম্যাচ যে দিন হয়, গোটা বিশ্বের নজর থাকে।”
“স্বাভাবিকভাবেই স্নায়ুচাপ থাকবে। কিন্তু আমাদের মনোযোগ ধরে রাখতে হবে, মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে এবং সহজ ক্রিকেট খেলতে হবে। এটা সবসময়ই চাপের খেলা; আপনি যত বেশি শান্ত থাকবেন, নিজের দক্ষতা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখবেন, কাজ তত সহজ হয়ে যাবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত সাতবার খেলছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের স্রেফ একবার হারাতে পেরেছে তারা, ২০২১ আসরে ১০ উইকেটে।
