২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলপিএলে সাকিবের সতীর্থ লিটন

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের শেষ ভাগে সাকিব আল হাসানের দল গল টাইটান্সে ডাক পেলেন লিটন দাস।

এলপিএলে সাকিবের সতীর্থ লিটন

বাংলাদেশ অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন এলপিএলে খেলবেন এক দলে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2023, 12:44 PM

Updated : 12 Aug 2023, 01:25 PM

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খুব একটা ভালো কাটেনি লিটন দাসের। তবে এর মধ্যেই তিনি ডাক পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের শেষ ভাগের জন্য তাকে দলে ভেড়াল গল টাইটান্স। 

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই গলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন সহ-অধিনায়ককে। এরই মধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছেন স্টাইলিশ কিপার-ব্যাটসম্যান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস।  

“এলপিএল খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র দিয়েছি আমরা। টুর্নামেন্টের বেশি সময় আর বাকি নেই। নিজের দলের বাকি ম্যাচগুলো খেলে আসবে লিটন। আজকে দুপুরেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তার।” 

এবারই প্রথম এলপিএলে ডাক পেলেন লিটন। সাকিব ছাড়াও গলের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচ গেলেও এখনও খেলার সুযোগ পাননি তিনি।  

Image

এলপিএল খেলতে শনিবার দুপুরে ঢাকা ছাড়েন লিটন।

প্রথম পর্বে গলের বাকি রয়েছে আর দুই ম্যাচ। ছয় ম্যাচে স্রেফ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি।  

এলপিএলে জাফনার হয়ে খেলে এরই মধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন তিনি। 

এছাড়া এলপিএলে কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন শরিফুল ইসলাম। তবে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তার।