২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউ ইয়র্কের এই উইকেট খুবই বাজে’

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড নিয়ে উঠছে প্রশ্ন।

‘নিউ ইয়র্কের এই উইকেট খুবই বাজে’
ছবি: টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 11:08 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচের পর নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড ছিল আতশ কাচের নিচে। ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের ইনিংসের পর ফের আলোচনায় এই মাঠ। এখানকার ড্রপ-ইন পিচের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই ধরনের উইকেটে খেলাটাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের মতে, উইকেট খুবই বাজে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মাত্র ৫ মাসে তৈরি করা হয় নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। গত সোমবার ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই মাঠের। সেদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৩টি করে চার ও ছক্কা হয় তাদের ইনিংসে। 

৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়া। আরেক পেসার ওটনিয়েল বার্টমান ২৪ বলের ২০টিই করেন ‘ডট।’ 

জবাবে দক্ষিণ আফ্রিকাও সহজে রান করতে পারেনি। ৬ উইকেটে জিততে ১৭তম ওভার পর্যন্ত খেলতে হয় তাদের। 

ম্যাচের পর শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেছিলেন, “নিউ ইয়র্কের উইকেট ভালো ছিল না, ব্যাট করা খুব কঠিন ছিল।”

ব্যাট করা কঠিন ছিল বুধবার আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের জন্যও। উইকেটে পেসারদের জন্য সহায়তা প্রবল। সিম মুভমেন্ট মিলেছে যথেষ্ট। সঙ্গে অসমান বাউন্স। আউটফিল্ডও বেশ মন্থর। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় আয়ারল্যান্ড। ৫০ রানে ৮ উইকেট হারিয়ে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন সংগ্রহের (৬৮) রেকর্ড নতুন করে লেখার শঙ্কায় পড়ে যায় তারা। সেই শঙ্কা কাটলেও, ১৬ ওভারে তারা অল আউট হয় ৯৬ রানে। ভারতের চার পেসার মিলে ভাগ করে নেন ৮ উইকেট।  

আয়ারল্যান্ডের ইনিংস চলার সময়েই পাকিস্তানের সাবেক কোচ আর্থার সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, “নিউ ইয়র্কের এই পিচ খুবই বাজে!”

সাবেক ইংলিশ অধিনায়ক ভন লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা দারুণ ব্যাপার… বিষয়টি ভালো লাগে… তবে খেলোয়াড়দের নিউ ইয়র্কের এই নিম্নমানের উইকেটে খেলতে হবে, তা অগ্রহণযোগ্য… বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য কঠিন পরিশ্রম করবেন, তারপর এইভাবে খেলতে হবে।”

প্রথমবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে ২০ দল, যৌথভাবে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে ক্রিকেটের বিশ্ব আসর বসেছে এবারই প্রথম।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আছে আরও ৬টি। যার মধ্যে আছে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।