২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাবিলের ৫ উইকেট, পারভেজের ৮ রানের আক্ষেপ

শততম ম্যাচের উপলক্ষ্য রাঙালেন সিলেটের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।

নাবিলের ৫ উইকেট, পারভেজের ৮ রানের আক্ষেপ

নাবিল সামাদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 08:19 PM

Updated : 02 Nov 2022, 08:21 PM

পিনাক ঘোষ ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে শুরুটা মন্দ ছিল না চট্টগ্রাম বিভাগের। তবে হতাশ করেছেন পরের ব্যাটসম্যানরা। তাই সিলেটের বিশাল সংগ্রহের ধারেকাছেও যেতে পারেনি তারা। ফলো-অনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের দৃঢ়তায় লড়াই করছে দলটি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান। তারা পিছিয়ে রয়েছে ১৫৬ রানে। 

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম ইনিংসে জাকির হাসানের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৮১ রান করে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। 

জবাবে পারভেজ ইমনের ক্যারিয়ার সেরা ৯২ রানের পরও চট্টগ্রাম গুটিয়ে যায় ২৩৭ রানে। ২৪৪ রানের বড় লিড থাকায় চট্টগ্রামকে আবার ব্যাটিংয়ে পাঠায় সিলেট। 

প্রথম শ্রেণির ক্যারিয়ারে শততম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ স্পিনার নাবিল সামাদ নিয়েছেন ৫ উইকেট। চলতি লিগে এটি তার তৃতীয় ৫ উইকেট। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৮তম বারের মতো এই স্বাদ পেলেন তিনি। 

১ উইকেটে ৯৮ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে চট্টগ্রাম। দিনের শুরুতেই ফিফটি তুলে নেন দুই অপরাজিত ব্যাটসম্যান পিনাক ও পারভেজ। তবে বেশি দূর যেতে পারেননি পিনাক। ক্যারিয়ারের দ্বাদশ ফিফটি ছুঁয়ে ৫৮ রানে আউট হন তিনি। 

দ্বিতীয় উইকেটে পারভেজের সঙ্গে তার জুটি ছিল ১১৭ রানের। পিনাক আউট হওয়ার পর তেমন কোনো বড় জুটি পায়নি চট্টগ্রাম। ক্যারিয়ারের প্রথম ফিফটি করে সেঞ্চুরির সম্ভাবনা জাগান পারভেজ। কিন্তু নব্বই পেরিয়ে নাবিলের বলে শাহানুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। 

পেসার আবু জায়েদ রাহী নেন ৪ উইকেট। 

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিনের শেষ ভাগে কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম। ম্যাচে দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত রয়েছেন পিনাক। আরেক ওপেনার জসিমউদ্দিন খেলছেন ২৫ রানে। 

সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট ১ম ইনিংস: ৪৮১/৯ (ডিক্লে.) 

চট্টগ্রাম ১ম ইনিংস: ১০৭.১ ওভারে ২৩৭ (আগের দিন ৯৮/১) (পিনাক ৫৮, পারভেজ ৯২, শাহাদাত ১৭, ইরফান ৬, তাসামুল ১১, সৈকত ১১, মুরাদ ৭, মিশু ২৪, নোমান ০, রনি ২*; আবু জায়েদ ১৬.১-৪-৩৬-৪, তানজিম ১৭-২-৪১-০, শাহানুর ৩৩-৮-৮২-১, নাবিল ৩২-৭-৫৬-৫, আলআমিন ৮-১-১৯-০, গালিব ১-১-০-০) 

চট্টগ্রাম ২য় ইনিংস: ২৮ ওভারে ৮৮/০ (ফলো-অন) (পিনাক ৫৭*, জসিমউদ্দিন ২৫*; আবু জায়েদ ৩-০-১৫-০, নাবিল ১১-৪-২৮-০, শাহানুর ৩-০-২০-০, তানজিম ৩-০-২০-০, আলআমিন ৩-১-৫-০, গালিব ২-০-১২-০) 

শেষ দিনে ইনিংস পরাজয়ের শঙ্কায় বরিশাল 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চাপে রয়েছে বরিশাল বিভাগ। আবু সায়েম চৌধুরী, সালমান হোসেন ইমনের পর ফিফটি করেছিলেন সোহাগ গাজীও। তবু ফলো-অন এড়াতে পারেনি তারা। শেষ দিনে তাদের চোখরাঙানি দিচ্ছে ইনিংস পরাজয়। 

তৃতীয় দিন শেষে বরিশালের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। ইনিংস পরাজয় এড়াতে তাদের করতে হবে আরও ১৭৮ রান। আগে ব্যাট করা রাজশাহী ৮ উইকেট হারিয়ে ৫০৮ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বরিশালের ইনিংস গুটিয়ে যায় ২৭৩ রানে। 

২ উইকেটে ৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বরিশাল। শফিকুল ইসলামের করা দিনের প্রথম দুই বলে দুই বাউন্ডারি মেরে খেলা শুরু করেন আবু সায়েম। কিন্তু দিনের পঞ্চম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

তার জায়গায় নেমে শামসুল ইসলাম আউট হন ২ রান করে। ফিফটি পেরিয়ে ৫৩ রানে আউট হন সালমান। এরপর উইকেটরক্ষক মইন খানের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন সোহাগ। চলতি লিগে তৃতীয় ফিফটিতে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। 

সোহাগ আউট হওয়ার পর ফের ব্যাটিংয়ে নামেন আবু সায়েম, তুলে নেন ফিফটি। তিনিও ইনিংস বড় করতে পারেননি। প্যাভিলিয়নের পথ ধরেন ৬০ রান করে। স্রেফ ১ রানের জন্য পঞ্চাশ করতে পারেননি মইন। 

ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর ২০ বছর বয়সী পেসার নাহিদ রানা। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের শিকার ৩ উইকেট। 

ফলো অনে পড়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ১৫ রানে আউট হয়ে যান বরিশালের ওপেনার মোহাম্মদ আশরাফুল। আবু সায়েম ৩১ ও ফজলে মাহমুদ রাব্বি ৪ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করবেন। 

সংক্ষিপ্ত স্কোর: 

রাজশাহী ১ম ইনিংস: ৫০৮/৮ (ডিক্লে.) 

বরিশাল ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৭৩ (আগের দিন ৭৯/২) (আবু সায়েম ৬০, সালমান ৫৩, শামসুল ২, সোহাগ ৭২, মইন ৪৯, রাফসান ৫, রাব্বি ১৬, তানভির ৫, রুয়েল ১*; নাহিদ ১৯-৩-৬২-৫, শফিকুল ১৪-২-৪৯-২, পায়েল ১১-১-৩৮-০, সানজামুল ২৮-৬-১০৩-৩, ফরহাদ ৬-২-১৫-০) 

বরিশাল ২য় ইনিংস: ২৮ ওভারে ৫৭/১ (ফলো-অন) (আবু সায়েম ৩১*, আশরাফুল ১৫, ফজলে রাব্বি ৪*; নাহিদ ৬-১-১৬-০, শফিকুল ৩-২-৩-০, সানজামুল ১১-৩-২১-০, পায়েল ৬-২-১০-১, ফরহাদ ২-০-৬-০)