২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হেনরির

তলপেটের চোটে পড়েছেন নিউ জিল্যান্ডের এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 04:47 PM

Updated : 08 Jan 2023, 04:54 PM

চোট থাবা বসিয়েছে নিউ জিল্যান্ড শিবিরে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাট হেনরিকে পাবে না কিউইরা। তলপেটের চোটে ভুগছেন ৩১ বছর বয়সী পেসার।

পাকিস্তান সফরে করাচিতে দ্বিতীয় টেস্টের শেষ দিন চোট পান হেনরি। সাদা বলের পিঠেপিঠি দুটি সিরিজে তাকে না পাওয়ার কথা রোববার জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট।

টেস্ট দলের যারা ওয়ানডে স্কোয়াডে নেই, তাদের সঙ্গে দেশে ফিরে যাবেন হেনরি। এখনও তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।

হেনরির অনুপস্থিতিতে একাদশের দরজা খুলে যেতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি শিপলির। ঘরোয়া ক্রিকেটে গত দুই বছরে ক্যান্টারবুরির হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২৬ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার সাদা বলের সিরিজের দলে ডাক পান।

মাঠের বাইরে কাইল জেমিসন ও অ্যাডাম মিল্নের সঙ্গী হলেন হেনরি। গত সপ্তাহে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন মিল্নে।  

পাকিস্তান সফরে নিউ জিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। ভারত সফরের তিন ওয়ানডে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ভারতের তিনটি টি-টোয়েন্টিও খেলবে কিউইরা।