আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে ভিনসেন্ট বললেন, ‘ভয়ানক ভুল করেছিলাম’
আবার ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান।
স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষেধাজ্ঞা পাওয়ার ৯ বছর পর মুক্তি পেলেন লু ভিনসেন্ট। তার নিষেধাজ্ঞা তুলে নিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন ঘরোয়া বা এর নিচের যেকোনো স্তরের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান। আবার ক্রিকেটে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৪৫ বছর বয়সী ভিনসেন্ট বললেন, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য গত অগাস্টে আবেদন করেছিলেন ভিনসেন্ট। ইসিবির ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) শুক্রবার বিবৃতি দিয়ে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায়।
ফিক্সিংয়ের অভিযোগে ২০১৪ সালে ভিনসেন্টকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছিল ইসিবি। ২০০৮ সালে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে থাকার সময়ে এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সময়ে এসব ঘটনা ঘটান ভিনসেন্ট। ইসিবির দুর্নীতি বিরোধী আইনে আজীবন নিষেধাজ্ঞার শাস্তিযোগ্য ১১টি অপরাধ করেছিলেন তিনি।
ইসিবি শাস্তি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ভিনসেন্টও একটি খোলা চিঠিতে নিজের দোষ স্বীকার করেছিলেন। নিজেকে একজন প্রতারক হিসেবে উল্লেখ করে ওই সময়ে তিনি বলছিলেন, ‘বিভিন্ন সময়ে ফিক্সিং করে অর্থ নিয়ে পেশাদার খেলোয়াড় হিসেবে আমি নিজের অবস্থানের অপব্যবহার করেছি।”
তার আগে বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ভিনসেন্টকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
নিউ জিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে ভিনসেন্ট বলেছেন, আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
“অনেক বছর আগে ভয়ানক ভুল করেছিলাম, যে কারণে বাকি জীবনে গভীরভাবে অনুশোচনা করব এবং যে ক্ষতি করেছি, সেজন্য আমি খুবই অনুতপ্ত। ক্রিকেটে ফিরতে পারা মানে আমার কাছে সবকিছু এবং আবার সেই সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি।”
২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিউ জিল্যান্ডের হয়ে ২৩ টেস্ট, ১০২ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেন ভিনসেন্ট। সবশেষ কিউইদের জার্সিতে তাকে দেখা গিয়েছিল ২০০৭ সালে।
