রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সুপার ওভারে জিতল নামিবিয়া
প্রায় এক যুগ পর সুপার ওভার দেখল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
শেষ বলে প্রয়োজন ২ রান। মেহরান খানের গুড লেংথ থেকে লাফানো ডেলিভারি ব্যাটে লাগাতে পারলেন না ডেভিড ভিসা। গ্লাভসে জমাতে পারলেন না নাসিম খুশিও। সুযোগ পেয়ে রানের জন্য ছুটলেন দুই ব্যাটসম্যান। খুব কাছ থেকেও স্টাম্প ভাঙতে পারলেন না উইকেটরক্ষক। টাই হয়ে গেল ওমান-নামিবিয়া ম্যাচ!
সুপার ওভারে আর ভুল করলেন না ভিসা। বিলাল খানের প্রথম দুই বলে মারলেন চার ও ছক্কা। শেষ দুই বলে বাউন্ডারি মারলেন গেরহার্ড এরাসমাস। সব মিলিয়ে ২১ রান পেল নামিবিয়া। পরে ভিসার হাতেই বল তুলে দেন এরাসমাস। দুর্দান্ত বোলিংয়ে কেবল ১০ রান দিলেন ভিসা। দারুণ জয়ে মাঠ ছাড়ল নামিবিয়া।
বারবাডোজের কেনসিংটন ওভালে রোববার ভোরে মূল ম্যাচে দুই বল বাকি থাকতে ১০৯ রানে গুটিয়ে যায় ওমান। রান তাড়ায় ৬ উইকেটে ১০৯ রানেই থামে নামিবিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ টাই ম্যাচ এটি। আর সুপার ওভারে ফল নির্ধারণ হওয়া তৃতীয় ম্যাচ। সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের ম্যাচ গড়ায় সুপার ওভারে। একই আসরে শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড লড়াইয়ের ফলও আসে সুপার ওভারে।
সুপার ওভারের আগে মূল ম্যাচে ২৮ রানে ৩ উইকেটের পর ব্যাট হাতে অপরাজিত ৯ রান করেন ভিসা। দুই দিকেই দারুণ অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস অলরাউন্ডার।
মেহরানের সৌজন্যে অল্প পুঁজিতেও জয়ের আশা দেখে ওমান। শেষ ৩ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১৮ রান। ১৮তম ওভারের প্রথম বলে বাই থেকে ৪ পায় নামিবিয়া। বাকি পাঁচ বলে আর কোনো রান দেননি মেহরান। তৃতীয় বলে তিনি নেন জেজে স্মিটের উইকেট।
শেষ ওভারে ৫ রানের সমীকরণে প্রথম তিন বলে কোনো রান না দিয়ে সেট ব্যাটসম্যান ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেন গ্রিনকে ফেরান মেহরান। শেষ বলে নাসিমের ভুল না হলে মূল ম্যাচে ওমানকে মনে রাখার মতো এক জয় এনে দিতে পারতেন অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার।
তুলনামূলক ছোট লক্ষ্য তাড়ায় বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পায় নামিবিয়া। অন্তত ৩টি ক্যাচের সুযোগ নিতে পারেননি ওমানের ফিল্ডাররা। দুইবার বেঁচে গিয়ে ৪৮ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ফ্রাইলিঙ্ক।
ইনিংসের দ্বিতীয় বলে মাইকেল ফন লিনগেনকে বোল্ড করে ওমানকে দারুণ শুরু এনে দেন বিলাল। দ্বিতীয় উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নিকো ডেভিন ও ফ্রাইলিঙ্ক। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি তারা।
অষ্টম ওভারে ডেভিনের ফিরতি ক্যাচ ছেড়ে দেন মেহরান। পরের ওভারেই অবশ্য তাকে ফেরান ওমান অধিনায়ক আকিব ইলিয়াস। ৩১ বলে ২৪ রান করা ডেভিনের বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।
এরপর এরাসমাসকে নিয়ে ৩১ রান যোগ করেন ফ্রাইলিঙ্ক। তখনও পর্যন্ত সব কিছু তাদের নিয়ন্ত্রণেই মনে হচ্ছিল। এরাসমাসের বিদায়ের পর পেছাতে থাকে নামিবিয়া। পরে মেহরানের দারুণ বোলিংয়ে উল্টো সম্ভাবনা জাগায় ওমান। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি তারা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রুবেন ট্রাম্পেলম্যানের তোপে পড়ে ওমান। ম্যাচের প্রথম দুই বলে অসাধারণ দুটি ইয়র্কারে কাশ্যাপ প্রজাপতি ও আকিবকে ফেরান বাঁহাতি পেসার। পরের ওভারে নাসিমকেও আউট করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার পাওয়ার প্লেতে ৩ উইকেট নিলেন ট্রাম্পেলম্যান। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই তিন ব্যাটসম্যানকে ফেরান তিনি। বিশ্বকাপে পাওয়ার প্লেতে একাধিকভাবে অন্তত ৩ উইকেট নেওয়ার কীর্তি আছে আর তিন জনের- ডার্ক ন্যানেস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ট্রেন্ট বোল্টের।
ট্রাম্পেলম্যানের দেওয়া শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ওমান। খালিদ কাইল ৩৯ বলে ৩৪, জিশান মাকসুদ ২০ বলে ২২ রান করে দলকে কোনোমতে একশ পার করান।
পুরো ইনিংসে ওমানের ছয় ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফেরেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ এলবিডব্লিউর রেকর্ড এটি। এর আগে ৫টি করে এলবিডব্লিউর ঘটনা আছে তিনটি।
সব মিলিয়ে ২১ রানে ৪ উইকেট নেন ট্রাম্পেলম্যান। বিশ্বকাপে নামিবিয়ার কোনো বোলারের সেরা বোলিং এটি।
সংক্ষিপ্ত স্কোর:
ওমান: ১৯.৪ ওভারে ১০৯ (প্রজাপতি ০, নাসিম ৬, আকিব ০, জিশান ২২, খালিদ ৩৪, আয়ান ১৫, নাদিম ৬, মেহরান ৭, শাকিল ১১, কালিমউল্লাহ ২, বিলাল ১*; ট্রাম্পেলম্যান ৪-০-২১-৪, ভিসা ৩.৪-০-২৮-৩, লুনগামেনি ৪-০-১৮-০, শুলজ ৪-০-২০-১, এরাসমান ৪-০-২০-২)
নামিবিয়া: ২০ ওভারে ১০৯/৬ (ফন লিনগেন ০, ডেভিন ২৪, ফ্রাইলিঙ্ক ৪৫, এরাসমাস ১৩, স্মিট ৮, ভিসা ৯*, গ্রিন ০, ক্রুগার ১*; বিলাল ৪-০-২৫-১, শাকিল ৩-০-২০-০, কালিমউল্লাহ ২-০-১০-০, আকিব ৪-১-১৭-১, মেহরান ৩-১-৭-৩, জিশান ২-০-১২-০, আয়ান ২-০-১২-১)
ফল: ম্যাচ টাই (সুপার ওভারে জয়ী নামিবিয়া)
ম্যান অব দা ম্যাচ: ডেভিড ভিসা
