২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেরা দশে ফিরলেন নাহিদা, উন্নতি নিগার ও শারমিনের

মেয়েদের ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ঠিক ১০ নম্বরে নাহিদা আক্তার।

সেরা দশে ফিরলেন নাহিদা, উন্নতি নিগার ও শারমিনের
ওয়ানডে বোলারদের মধ্যে ঠিক ১০ নম্বরে নাহিদা আক্তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নাহিদা আক্তার। এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। ব্যাটারদের মধ্যে অগ্রগতি হয়েছে নিগার সুলতানা ও শারমিন আক্তারের। 

মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ১০ নম্বরে আছেন নাহিদা। তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং সপ্তম।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট নেন নাহিদা। তৃতীয় ও শেষ ম্যাচে ২৫ রানে তার শিকার একটি। এই পারফরম্যান্সে এক ধাপ উন্নতি করেছেন তিনি।

বাংলাদেশের বোলার মধ্যে নাহিদাই সবার ওপরে। ৮ ধাপ এগিয়ে ৩১তম স্থানে রাবেয়া খান। দ্বিতীয় ওয়ানডেতে ১৯ রান ২ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।

দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে ২ উইকেট নেওয়া আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের উন্নতি ৬ ধাপ। আছেন ৫০তম স্থানে। এক ধাপ এগিয়ে মারুফা আক্তার ৬৮ নম্বরে।

ওয়ানডেতে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ইংল্যান্ড সোফি এক্লেস্টোন। ব্যাটারদের মধ্যে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ৬৮ ও ১১ রান করেন নিগার। তাতে ৪ ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ৩২ নম্বরে বাংলাদেশ অধিনায়ক।

গত সপ্তাহে খেলা দুই ওয়ানডেতে ১১ ও ৩৭ রান করে শারমিনের উন্নতি ২ ধাপ, অবস্থান ৩৯তম। আর ৫ ধাপ এগিয়ে ৮০তম স্থানে সোবহানা মোস্তারি।

ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।