বিশ্বকাপে বুমরাহ ও হেডকে চূড়ায় দেখছেন পন্টিং
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও ব্যাটিংয়ে ট্রাভিস হেড পাবেন সর্বোচ্চ সাফল্য।
আইপিএলের সবশেষ আসরে দুর্দান্ত সময় কাটানো জাসপ্রিত বুমরাহকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন রিকি পন্টিং। তার বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাবেন ভারতের তারকা পেসার। সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ভোট পেয়েছেন তার উত্তরসূরি ট্রাভিস হেড।
বেশ কয়েক বছর ধরেই ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র বুমরাহ। স্বাভাবিকভাবে বিশ্বকাপেও তার দিকে চেয়ে থাকবে দল। সবশেষ আইপিএলে যে পারফরম্যান্স করেছেন তিনি, তাতে তার কাছে প্রত্যাশা বেড়ে যাওয়াও ভুল কিছু নয়।
কদিন আগে শেষ হওয়া আইপিএলে দল হিসেবে ভরাডুবি হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল ছিলেন বুমরাহ। তলানিতে থেকে আসর শেষ করা দলটির হয়ে ১৩ ম্যাচ খেলে তৃতীয় সর্বোচ্চ ২০ উইকেট নেন তিনি। রান জোয়ারের আইপিএলে ওভারপ্রতি তার খরচ কেবল ৬.৪৮।
এমন পারফরম্যান্সের পর বুমরাহকে নিয়ে আশায় বুক বাঁধছেন পন্টিংও। আইসিসি রিভিউয়ে সময়ের সেরা পেসারদের একজনকে স্তুতির জোয়ারে ভাসান তিনি।
“আমার মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে জাসপ্রিত বুমরাহ। একজন অসাধারণ পারফরমার হিসেবে বেশ কয়েক বছর ধরে দলে অবদান রাখছে সে, আমি কেবল তার কথা ভাবছি। দুর্দান্ত একটি আইপিএল কাটিয়েছে সে।”
“নতুন বলে সে কী করতে পারে, নতুন বল সুইং করায়… ওভারপ্রতি সাতেরও কম রান দিয়ে সে আইপিএল শেষ করেছে। সে উইকেট নেয়, কঠিন ওভারও করে। আর টি-টোয়েন্টিতে যখন কঠিন ওভার করবেন, সেটা অনেক উইকেট নেওয়ার সুযোগ করে নেয়। তাই, আমি তাকেই সমর্থন করছি।”
এবারের আইপিএল অসাধারণ কেটেছে হেডেরও। সানরাইজার্স হায়দরাবাদের ফাইনালে খেলার পথে বড় অবদান ছিল তার। ৬ বছর পর আইপিএল খেলতে এসে ঝড়ো ব্যাটিংয়ে আলোড়ন তোলেন তিনি। ১৫ ম্যাচে আসরের চতুর্থ সর্বোচ্চ ৫৬৭ রান করেন এক সেঞ্চুরি ও চার ফিফটিতে। স্ট্রাইক রেট আকাশচুম্বী, ১৯১.৫৫!
আইপিএলের আগে গত দেড়-দুই বছরে অস্ট্রেলিয়া দলেও বেশ সফল হেড। গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। পরে ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির পর সেমি-ফাইনাল ও ফাইনালেও অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন তিনি।
পন্টিং মনে করছেন, সাফল্যের এই ধারা বিশ্বকাপেও ধরে রাখবেন হেড। অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেটের মতে, এখন ভয়ডরহীন ক্রিকেট খেলে সফলতার পথে ছুটছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
“সর্বোচ্চ রান সংগ্রাহক হবে ট্রাভিস হেড। আমার মনে হয়, গত কয়েক বছরে লাল বল হোক কিংবা সাদা বল, সে যা কিছু করেছে, সবই ছিল শীর্ষ মানের। সে এই মুহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে।”
২০০৭ আসরের শিরোপা জয়ী ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বুধবার, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পরদিন ওমান ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০২১ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
