‘পুরো দেশের আশা কাঁধে’ নিয়ে বিশ্বকাপে উগান্ডা
আফ্রিকার দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেছেন, প্রথম ম্যাচে নামার আগে কিছুটা বাড়তি চাপ অনুভব করছেন তারা।
বিশ্বকাপে প্রথমবার সুযোগ পাওয়া উগান্ডা দলটিকে নিয়ে গর্বিত পুরো দেশ। তাদের খেলা দেখতে উন্মুখ সেখানকার সবাই। প্রথম ম্যাচে নামার আগে তাই কিছুটা বাড়তি চাপ অনুভব করছেন ব্রায়ান মাসাবা। দলটির অধিনায়ক বলেছেন, পুরো দেশের আশা কাঁধে নিয়ে টুর্নামেন্টে পথচলা শুরু করবেন তারা।
ইতিহাস গড়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় উগান্ডা। আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে জিম্বাবুয়ে, কেনিয়ার মতো দলকে হারিয়ে তারা এখন বিশ্ব মঞ্চে। হেরেছিল কেবল বাছাইয়ে প্রথম হওয়া নামিবিয়ার বিপক্ষে।
বিশ্বকাপের মূল পর্বে ‘সি’ গ্রুপে উগান্ডা। যেখানে তাদের মুখোমুখি হতে হবে আফগানিস্তান, নিউ জিল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলবে তারা মঙ্গলবার, আফগানিস্তানের বিপক্ষে।
রাশিদ খান, মোহাম্মদ নাবিদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে থাকার কথা সোমবার সংবাদ সম্মেলনে বললেন মাসাবা।
“আমাদের জন্য সত্যিই বিশাল ম্যাচ, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ, ইতিহাসে উগান্ডার হয়ে প্রথম, তাই আমরা মাঠে নামতে খুব রোমাঞ্চিত। অবশ্যই কিছুটা স্নায়ুচাপ কাজ করছে। কিন্তু আমাদের খেলায় মনোযোগ দিতে হবে এবং প্রয়োজনীয় ফলাফল পাওয়ার চেষ্টা করতে হবে। কারণ ভালো ফলাফল নিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে।”
দেশের মানুষের কথা বলেছেন উগান্ডা অধিনায়ক, যারা তাদের সমর্থন দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
“দেশের মানুষের মধ্যেও অনেক রোমাঞ্চ-উত্তেজনা কাজ করছে। ক্রিকেটে এটা শুধু আমাদের জন্য প্রথমই নয়, আমার মনে হয়, আমরা দেশের যেকোনো ক্রীড়া বিভাগে তৃতীয় দল, যারা বৈশ্বিক আসরের জন্য যোগ্যতা অর্জন করেছি। তাই এটা ছোট কোনো অর্জন নয়।”
“শুধু ক্রিকেট সম্প্রদায় নয়, অন্যান্য খেলার মানুষরাও আমাদের সমর্থন করছে, সঙ্গে দেশের সরকারও আছে। এই দলটি যেটা অর্জন করেছে তার জন্য পুরো দেশ অত্যন্ত গর্বিত। আমাদেরকে বৈশ্বিক আসরে খেলতে এবং গর্বের সাথে দেশের প্রতিনিধিত্ব করতে দেখার জন্য উন্মুখ হয়ে আছে তারা। এটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব, এটা এখন আর শুধু ক্রিকেটের বিষয় নয়, আমরা পুরো দেশের আশা আমাদের পিঠে বহন করছি।”
