২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিদের লড়াই ছাপিয়ে দক্ষিণাঞ্চলের অনায়াস জয়

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সহজ জয়ই পেয়েছে বিসিবি মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 04:15 PM

Updated : 22 Dec 2022, 04:16 PM

আভাস ছিল শেষ দিনের রোমাঞ্চের। কিন্তু হতাশ করল বিসিবি উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা। তানজিদ হাসানের লড়াই শুধু পরাজয়ের ব্যবধানই কমাল। অনায়াস জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু করল বিসিবি দক্ষিণাঞ্চল।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডে উত্তরাঞ্চলকে ১৬৮ রানে হারায় দক্ষিণাঞ্চল। ৩৮১ রানের লক্ষ্যে উত্তরাঞ্চল অলআউট ২১২ রানে। 

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৯ উইকেটে ২২২ রান করে ইনিংস ঘোষণা দেয়। উত্তরাঞ্চল থামে ১১১ রানে। 

ম্যাচের শেষ দিন জয়ের জন্য ২৬১ রান প্রয়োজন ছিল উত্তরাঞ্চলের। দক্ষিণাঞ্চলের লক্ষ্য ছিল বাকি ৮ উইকেট নেওয়া। সাফল্যের হাসি হাসে ফজলে মাহমুদের নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল।

বৃহস্পতিবার প্রথম সেশনেই উত্তরাঞ্চলের ৮ উইকেট নিয়ে নেয় দক্ষিণাঞ্চল। শেষ দিন মাত্র ৩০ ওভার খেলতে পারে উত্তরাঞ্চল।

তৃতীয় দিন বিকেলের অবিচ্ছিন্ন জুটিকে ৫০ রানে নিয়ে যান তানজিদ ও সানজামুল ইসলাম। দিনের ১৩তম ওভারে সানজামুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। নাইটওয়াচম্যান সানজামুল করেন ১৩ রান।

এরপর আর কোনো ব্যাটসম্যান তানজিদকে সঙ্গ দিতে পারেননি। একপ্রান্ত আগলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন তানজিদ। ৬২তম ওভারে নাজমুলের বলে মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

প্রায় পৌনে ৪ ঘণ্টার ইনিংসে ১২৩ বল খেলে ৯ চার ও ১ ছয়ে ৭৬ রান করেন তানজিদ। অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার পর উত্তরাঞ্চলের ইনিংসে আর কোনো রানই যোগ হয়নি। 

প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও ৪ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল। হাসান মাহমুদের শিকার ৩ উইকেট। এর সঙ্গে প্রথম ইনিংসের ৪ উইকেটের সৌজন্যে হাসানই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। 

সংক্ষিপ্ত স্কোর: 

বিসিবি দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ২২২/৯ (ডিক্লে.)

বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১১১

বিসিবি দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ২৬৯

বিসিবি উত্তরাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮১) ৬৩.৩ ওভারে ২১২ (তানজিদ ৭৬, সানজামুল ১৩, আমিনুল ৭, নাঈম ইসলাম ০, নাসির ৩, আকবর ২, সাইফ উদ্দিন ০*, সালাউদ্দিন ০, নাহিদ ০; সুমন ১৩-৪-৩১-২, হালিম ১১-১-৩৫-১, নাজমুল ১৭.৩-২-৬৬-৪, হাসান ১৬-১-৪৯-৩, নাহিদুল ৬-২-১৫-০)

ফল: বিসিবি দক্ষিণাঞ্চল ১৬৮ রানে জয়

ম্যান অব দা ম্যাচ: হাসান মাহমুদ

ইনিংস ব্যবধানে জিতল মধ্যাঞ্চল

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিবি মধ্যাঞ্চলের জয় প্রায় নিশ্চিতই ছিল। দেখার অপেক্ষা ছিল, সলামী ব্যাংক পূর্বাঞ্চলের ৪ উইকেট নিতে তাদের কতক্ষণ লাগে। ম্যাচের শেষ দিনে স্রেফ ৬৬ মিনিটেই তা করে ফেলল শুভাগত হোমের নেতৃত্বাধীন দল।

হাসান মুরাদ, রবিউল হকদের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাঞ্চলের জয় ইনিংস ও ১১৬ রানে। ফলো-অনে পড়ে ২৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে স্রেফ ১৪৬ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল।

একমাত্র ইনিংসে জাকের আলি অনিকের সেঞ্চুরির সঙ্গে আরও ৪ ফিফটির সৌজন্যে ৪৫৩ রানের সংগ্রহ পায় মধ্যাঞ্চল। বিপরীতে পূর্বাঞ্চল ১৯১ রানে অলআউট হলে তাদের ফলো-অন করায় মধ্যাঞ্চল। 

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসের মতো এবারও শেষ দিকে কিছুটা লড়াই করেন নাঈম হাসান। 

তার ৮ চারে খেলা ৪৪ রানের ইনিংস মধ্যাঞ্চলের জয়ের ব্যবধান কিছুটা কমায়। মুশফিক হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাঈম। এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি মধ্যাঞ্চলকে।

এই ইনিংসে রবিউলের ৪ উইকেট ছাড়া মুরাদের শিকার ৩ উইকেট। মুশফিক হাসান পান ২টি।

প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ ২০ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এ স্পিনার। 

সংক্ষিপ্ত স্কোর:

বিসিবি মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৫৩

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৯১

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ২য় ইনিংস: (ফলো-অন) ৫৫.৩ ওভারে ১৪৬ (আগের দিন ৯৫/৬) (জিয়াউর ১০, নাঈম হাসান ৪৪, তানভির ৬, রিপন ৬, এনামুল ১*; মুশফিক ৬.৩-৩-২০-২, মুরাদ ২৪-১১-৫০-৩, রবিউল ১৬-৫-৬১-৪, সৌম্য ৫-৩-৮-০, শরিফউল্লাহ ২-১-২-০, শুভাগত ২-২-০-১)

ফল: বিসিবি মধ্যাঞ্চল ইনিংস ও ১১৬ রানে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: হাসান মুরাদ