অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওমানের কাছে শুধুই ‘আরেকটি ম্যাচ’
‘মাঠে নামলে নিজের চেয়ে বড় কেউ নেই’, অস্ট্রেলিয়া ম্যাচের আগে বললেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস।
ম্যাচের দৈর্ঘ্য যত ছোট হয়, দুই দলের শক্তির পার্থক্য কমতে থাকে- ক্রিকেটে নিয়মিতই বলা হয় এই কথা। তবু টি-টোয়েন্টি সংস্করণেও কাগজে-কলমে এগিয়ে রাখা হয় যে কোনো বড় দলকে। সেটি অবশ্য মানতে রাজি নন আকিব ইলিয়াস। অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে দুই দলকে একই জায়গায় দেখছেন ওমান অধিনায়ক।
বারবাডোজের কেনসিংটন ওভালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওমান। এবারই প্রথম ওয়ানডে ও টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে তারা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ছাড়া আর কারও বিপক্ষেই টি-টোয়েন্টি খেলেনি ওমান।
‘বি’ গ্রুপের ম্যাচটিতে নিশ্চিতভাবেই ফেভারিট অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল। তাই ভালো সূচনা করতে উন্মুখ থাকবে তারাও। ওমান অধিনায়ক অবশ্য এত সব মাথায় নিতে নারাজ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আকিব সাফ বলে দিলেন, অন্য যেকোনো ম্যাচের মতো করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন তারা।
“প্রথমত এটি বড় বিষয়, বিশ্বকাপের মূল পর্বে খেলা, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা। তো এটি ভালো অভিজ্ঞতা। এই যে বড় নাম বা বড় ব্যাপার, এসব মাঠের বাইরের বিষয়। মাঠে নামার পর কোনো বড় নাম নেই। মাঠে নিজের চেয়ে বড় কেউ নেই। তো এটি আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা এটি ভাবছি না বিশেষ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।”
মাঠের বাইরে যতই চাপ দূর করতে হালকা থাকতে চান না কেন, ওমানকে মাঠে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডদের মোকাবিলা করতে হবে। বোলারদের সামনে থাকছে মার্শ, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডদের চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্বে যারা এরই মধ্যে প্রতিষ্ঠিত নাম।
এসব ক্রিকেটারদের বিপক্ষে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা জানেন আকিবও। তবে দলকে চাপমুক্ত রাখতে নিজেদের মধ্যে আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নামও বলার পক্ষে নন ওমান অধিনায়ক।
“নিজেদের মধ্যে অনেক কথা হয়েছে আমাদের। সব কিছু ইতিবাচক রাখছি আমরা। আমার গিয়ে জনে জনে বলার কিছু নেই যে, তারা (মিচেল) স্টার্কের বল খেলবে। বিশ্বের সেরা বোলারের বিপক্ষে খেলার আগে এটা এমনিই যে কারও মাথায় চলে আসে। এটি আরও জেঁকে বসবে যদি অধিনায়ক হয়ে আমিও বারবার বলতে থাকি। তাই আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও ইতিবাচক থাকছি।”
“কোচ বলেছেন, আমরা তাদের নামই নেব না। আমরা শুধু একটা দলের বিপক্ষে খেলব। যারা এখন একই পর্যায়ে আছে, যেখানে আমরা আছি। কারণ আমরাও বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। তারাও বিশ্বকাপ খেলছে। তারা হয়তো ট্রফির দাবিদার। তবে এটি তেমন পার্থক্য গড়ে না। অতীতে তারা যা অর্জন করেছে, আমরা অবশ্যই তাদের সম্মান করি। এজন্য তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়।”
আকিব বরং এই ম্যাচটিকে দেখছেন ক্রিকেট বিশ্বের নিজেদের চেনানোর মঞ্চ হিসেবে।
“আমাদের জন্য তারা একটি দল, যাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। কোনো সন্দেহ নেই, তারা অনেক বড় নাম। তবে আমাদের ছেলেদের বলেছি, কেউ যদি ম্যাচে স্টার্কের মতো বোলারের বিপক্ষে ভালো খেলে, চিন্তা করুন কতটা আলোচিত হবে। স্টার্ক এবং অন্যরা এরই মধ্যে ক্রিকেটে আলোচিত নাম। আমাদের মতো দল যদি তাদের বিপক্ষে ভালো করে, তাহলে তারা কিসের মধ্য দিয়ে যাবে! তো এটি আমাদের জন্য ইতিবাচক বিষয়।”
