২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত ও কোহলিকে একাদশের বাইরে রাখার কারণ জানালেন দ্রাবিড়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নেমে ব্যাটিং ধসে পড়ে হেরে গেছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:07 AM

Updated : 30 Jul 2023, 11:07 AM

এশিয়া কাপ ও বিশ্বকাপ অভিযানের আগে ম্যাচ খুব বেশি নেই বাকি। চোট কাটিয়ে উঠতে লড়ছেন এখনও দলের বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সময়মতো তারা ফিট হয়ে উঠতে পারবেন কি না, ফিট হলেও ছন্দ কতটা দ্রুত ফিরে পাবেন, সেই সংশয় আছেই। সব মিলিয়েই সম্ভাব্য বিকল্পদের প্রস্তুত রাখতে চায় ভারত। এজন্যই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একসঙ্গে বিশ্রামের সিদ্ধান্ত, জানালেন কোচ রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নেমে ভারত হেরে গেছে মূলত ব্যাটিং ব্যর্থতায়ই। ৯০ রানের উদ্বোধনী জুটির পরও তারা গুটিয়ে যায় ১৮২ রানে। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা।

চোটের কারণে এমনিতেই ভারত পাচ্ছে না লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভি পান্ত, জাসপ্রিত বুমরাহর মতো তারকাদের। এরপর রোহিত ও কোহলিকে একসঙ্গে বাইরে রাখায় প্রশ্নও উঠল দল সাজানো নিয়ে। বিশেষ করে, সিরিজ জয় যখন নিশ্চিত নয়। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন কোচ রাহুল দ্রাবিড়।

“সত্যি বলতে, কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখতে হলে আমাদের সবশেষ সুযোগ এই সিরিজ। আমাদের বেশ কজন ক্রিকেটার চোট নিয়ে লড়ছে জাতীয় ক্রিকেট একাডেমিতে। এশিয়া কাপের আর মাসখানেক বাকি, আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে। আমরা অবশ্যই আশা করছি, ওরা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ফিট হয়ে উঠবে। তবে ঝুঁকি নিয়ে অপেক্ষায় থাকতে পারি না আমরা।”

“এজন্যই অন্যদেরকে সুযোগ দিয়ে দেখতে হবে আমাদের, যাতে সবচেয়ে বাজে পরিস্থিতি এলেও (চোট পাওয়া ক্রিকেটাররা সুস্থ না হলে) অন্যদের কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকে এবং আমরা যেন কিছু ক্রিকেটারকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। এই ধরনের সিরিজে রোহিত ও কোহলিকে খেলিয়ে আমাদের নতুন কিছু জানার নেই। চোট পাওয়া ক্রিকেটারেদর অনিশ্চয়তার জন্যই আমরা অন্য কয়েকজনকে সুযোগ দিতে চেয়েছি, যেন প্রয়োজন পড়লে সামনে তাদেরকে খেলাতে পারি।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জয়ও দ্রাবিড়ের কাছে গুরুত্বপূর্ণ। তবে তিনি বেশি প্রাধান্য দিতে চান সামনের বড় আসরের সম্ভাব্য চ্যালেঞ্জগুলোকে।

“বৃহত্তর ছবিটা সবসময় দেখতে হবে আমাদের। এই মুহূর্তে যখন এশিয়া কাপ ও বিশ্বকাপ এগিয়ে আসছে, এতগুলি ইনজুরি সমস্যা যখন আছে আমাদের, বৃহত্তর ছবিটাই দেখতে হবে আমাদের। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ নয় নিয়ে এতটা উদ্বিগ্ন হলে চলবে না আমাদের। যদি তা করি, তাহলে ভুল হবে।”