১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিজানের সেঞ্চুরির পর সামিউনের ৪ উইকেট, ইংল্যান্ডে জয়ে শুরু যুবাদের

বড় জয়ে ইংল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রিজানের সেঞ্চুরির পর সামিউনের ৪ উইকেট, ইংল্যান্ডে জয়ে শুরু যুবাদের
দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 12:34 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গত মাসে রিজান হোসেন রান আউট হয়েছিলেন ৯৫ রানে। সেদিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঘোচালেন তিনি পরের ম্যাচেই। সঙ্গে কালাম সিদ্দিকি এলিনের ফিফটিতে তিনশর কাছাকাছি পুঁজি পেল বাংলাদেশ। ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠলেন সামিউন বশির। বড় জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের জয় ৮৭ রানে। 

লাফবোরোয় শুক্রবার শেষ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২৯২ রানে। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ২০৫ রানেই।

জয়ের নায়ক রিজান। পাঁচ নম্বরে নেমে ৯ চার ও এক ছক্কায় ১০১ বলে ১০০ রানের ইনিংস খেলেন ১৮ বছর বয়সী ব্যাটসম্যান। যুব ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি এটি।

চারে নেমে ৮ চার ও এক ছক্কায় ৮৪ বলে ৬৮ রান করেন কালাম। সামিউন ব্যাট হাতে একটি করে চার ও ছক্কায় ১৩ বলে করেন ২১ রান। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার বোলিংয়ে ৪.২ ওভারে ৯ রানে নেন ৪ উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না তেমন। রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম ফেরেন অল্প রানে। ৩৮ বলে ৪০ রান করেন জাওয়াদ আবরার। 

৬৯ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন কালাম ও রিজান। চতুর্থ উইকেটে ১৪৮ রানের বড় জুটিতে দলকে এগিয়ে নেন তারা। 

কালাম ফিরলেও রিজান চালিয়ে যান ব্যাটিং। সেঞ্চুরি করে ৪৯তম ওভারে আউট হন তিনি। ২৩ বলে ২৫ রান করেন শাহরিয়ার আল আমিন।

২ রানে শেষ ৪ উইকেট হারানোয় তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে ৬৮ রানে ৫ উইকেট নেন বাঁহাতি পেসার জেমস মিন্টো।  

বোলিংয়ে বাংলাদেশকে প্রথম ওভারেই উইকেট এনে দেন আল ফাহাদ। ষষ্ঠ ওভারে আঘাত হানেন অধিনায়ক আজিজুল। 

৪৬ রানে ২ উইকেট হারানোর পর ৮৬ রানের একটা জুটি পায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত সেটিই হয়ে থাকে তাদের সর্বোচ্চ জুটি। নিয়মিত উইকেট হারিয়ে ৩২.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা।

৭টি ছক্কা ও ৪টি চারে ৫৩ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আইসাক মোহাম্মেদ।

একই মাঠে আগামী রোববার হবে দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.২ ওভারে ২৯২ (জাওয়াদ ৪০, রিফাত ১১, আজিজুল ৯, কালাম ৬৮, রিজান ১০০, আবদুল্লাহ ০, সামিউন ২১, আল আমিন ২৫, ফাহাদ ১; মিন্টো ৮.২-০-৬৮-৫)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৩২.২ ওভারে ২০৫ (আইসাক ৭৫, বেনিসন ৩৬, রু ২৫, নেলসন ২১; ফাহাদ ৫-০-৩৩-১, সানজিত ৩-০-৩৫-০, আজিজুল ৩-০-৩৩-১, আল আমিন ৪-০-২৭-০, রিজান ৬-০-২৭-১, সামিউন ৪.২-০-৯-৪) 

ফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ