২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিনের ৫০০ ও ৫০১ উইকেটের মধ্যে ‘ঘটে গেছে অনেক কিছুই’

টেস্টের মাঝপথেই অশ্বিনের দল ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন তার স্ত্রী পৃথি নারায়ানান। 

অশ্বিনের ৫০০ ও ৫০১ উইকেটের মধ্যে ‘ঘটে গেছে অনেক কিছুই’

মাইলফলকের জন্য ম্যাচ শেষে স্মারক তুলে দেওয়া হয় অশ্বিনের হাতে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 10:55 AM

Updated : 19 Feb 2024, 04:37 PM

এমনিতে সময়টা খুব বেশি নয়। একই টেস্টের ভেতর স্রেফ দুটি ভিন্ন ইনিংস আর ভিন্ন দিনের ব্যাপার। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৫০১তম শিকারটি ধরেছেন চতুর্থ দিনে। এই মাঝের সময়টায় ভারতীয় এই স্পিনার ও তার পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। তার স্ত্রী পৃথি নারায়ানান বলছেন, তাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা।

৪৯০ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন অশ্বিন। হায়দরাবাদ টেস্টে উইকেট নেন তিনি ৬টি। পরে বিশাখাপাত্মামে নেন ৩টি। সেই টেস্টেই তার ৫০০ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত থমকে থাকেন ৪৯৯ উইকেটে।

সেই অপেক্ষার শেষ হয় রাজকোট টেস্টে। এই ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট হাতে কার্যকর একটি ইনিংস খেলার পর শেষ সেশনে কাঙ্ক্ষিত মাইলফলকে পা রাখেন অশ্বিন। জ্যাক ক্রলিকে ফিরিয়ে পৌঁছে যান ৫০০ উইকেটের ঠিকানায়। ভারতের দ্বিতীয় বোলার ও ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ওই দিন রাত ১১টায় বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পারিবারিক প্রয়োজনে দল ছেড়ে চলে গেছেন অশ্বিন। এই টেস্টে তাকে আর পাওয়া যাবে না।

চতুর্থ দিন সকালে বিসিসিআই আবার জানায়, এ দিনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন অশ্বিন। ইংল্যান্ডকে রেকর্ড ব্যবধানে গুঁড়িয়ে এ দিন ম্যাচ জিতে নেয় ভারত। পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ৬ ওভার বোলিং করে ১ উইকেট নেন অশ্বিন। যা তার ৫০১তম শিকার।

অশ্বিনের দল ছেড়ে যাওয়া ও দলে ফেরা, দুটি ঘটনা বলার সময়ই তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে। তবে সংবাদমাধ্যমে খবর বেরিয়েই আসে যে, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। এমনকি ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা সামাজিকমাধ্যমে নিশ্চিতও করে দেন তা।

Image

বাবা-মা, স্ত্রী-সন্তানদের সঙ্গে অশ্বিন। 

এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি অশ্বিনের পক্ষ থেকে। তবে কিছুটা ইঙ্গিত পাওয়া গেল পৃথি নারায়ানানের কথায়। মাইলফলকের জন্য সামাজিক মাধ্যমে অশ্বিনকে অভিনন্দন জানিয়ে স্ত্রী লিখলেন, কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে এই সময়টুকুতে। 

“আমরা ৫০০ উইকেট তাড়া করেছিলাম হায়দরাবাদে, সেখানে হয়নি। ভাইজাগেও (বিশাখাপাত্নাম) হয়ে ওঠেনি। অনেক মিষ্টি কিনে রেখেছিলাম। সেগুলো তাই ৪৯৯ উইকেটের সময়ই সবাইকে দিয়ে দিয়েছি। এরপর ৫০০ নীরবে এসে চলেও গেছে। ৫০০ আর ৫০১-এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। আমাদের জীবনের দীর্ঘতম ৪৮ ঘণ্টা।”

“তবে এটা (এই বার্তা) ৫০০ উইকেটের জন্য… এবং আগের ৪৯৯ উইকেটের জন্যও। কী বিশাল এক অর্জন, কত অসাধারণ একজন মানুষ! তোমাকে নিয়ে আমি অবিশ্বাস্যরকম গর্বিত। আমরা তোমাকে ভালোবাসি!”

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শার্মাও প্রশংসা করেন অশ্বিনের দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে।

“টেস্টের মাঝমথে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে হারানো কখনোই সহজ নয়। তবে সবকিছু এক পাশে সরিয়ে সবার আগে আসে পরিবার। আমরা যখন খবরটি শুনেছি, দ্বিতীয় আর কোনো চিন্তা আসেনি যে, তার মন যা চাইছে, সেটিই করা উচিত।”

“পরিবারের পাশে থাকতে চাইছিল সে এবং সেটিই একদম ঠিক কাজ। এটাই তার জন্য ভালো হয়েছে এবং যেভাবে সে আবার ফিরে এসে দলে যোগ দিয়েছে, এটিই তুলে ধরে সে কেমন মানুষ এবং তার মানসিকতা কেমন। তাকে ফিরে পেয়ে আমরা খুশি।”