২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ঘাটতি থাকলেও অজুহাত দেখাতে চান না উড

মার্ক উড মনে করছেন, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 05:33 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড। বৈশ্বিক আসরের জন্য নিজেদের ঝালিয়ে নিতে তাদের সামনে চলমান পাকিস্তান সিরিজটিই শেষ সুযোগ। সেখানেও বাগড়া দিয়েছে প্রকৃতি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে প্রস্তুতি নিয়ে অজুহাত দিতে নারাজ ইংলিশরা। দলটির ফাস্ট বোলার মার্ক উড বললেন, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী তারা।

আগামী মঙ্গবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এর আগে দলটি শেষ ম্যাচ খেলবে বৃহস্পতিবার; ওভালে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি।

চার ম্যাচের এই সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজে লাগাতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু বৃষ্টি ভেস্তে দিয়েছে তাদের সব পরিকল্পনা। সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিই পরিত্যক্ত হয়েছে টস হওয়া ছাড়াই। মাঝে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড।

পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের একাদশে ছিলেন না উড। জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি গত বছরের মার্চে। পরের মাসে আইপিএলে খেলেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ। এক বছরের বেশি সময় ধরে এই সংস্করণে না খেলা উডকে বিশ্বকাপ দলে রেখেছে ইংল্যান্ড।

শিরোপাধারীদের বিশ্বকাপ দলের বেশিরভাগই এবারের আইপিএলে খেলে এসেছেন। কিন্তু ফিটনেসের কারণে এবার খেলতে পারেননি উড। তবে খেলতে না পারাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সামনে রেখে সাংবাদিকদের বলেছেন, বিশ্বকাপে তরতাজা অবস্থায় খেলতে পারবেন তিনি।

“আমি হয়তো সতেজ থেকে টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। অনুশীলনে আমি কিছু বিষয় নিয়ে কাজ করেছি। অনুশীলনের কাজগুলো পরখ করার জন্য ম্যাচ খেলতে চায় সবাই। তবে দারুণ ভারসাম্যে আছে সব কিছু।”

“আমাদের মধ্যে দুয়েকজন মনে করতে পারে, একটি বা দুটি ম্যাচ খেলা দরকার। তবে আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”

পারিবারিক কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দলের সঙ্গে ছিলেন না সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাথু মট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তৃতীয় ম্যাচের আগে দল ছেড়ে গেছেন অধিনায়ক জস বাটলার।

দলটির প্রস্তুতিতে এসব প্রভাব ফেলছে স্বাভাবিকভাবেই। তবে উড বললেন, কোনো কিছুকেই অজুহাত হিসেবে দেখছেন না তারা। বৈশ্বিক আসরের প্রস্তুতিতে করছেন প্রয়োজনীয় সবকিছু।

“জীবনের বিষয়গুলো অনেক সময় ক্রিকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দুটি (মট ও বাটলারের না থাকা) তেমনই উদাহরণ ছিল। আমার মনে হয় না, তাদের নিয়ে নেতিবাচক ভাবা উচিত আমাদের।”

“অজুহাত খোঁজা সহজ: আমাদের কেউ কেউ দলের বাইরে, বৃষ্টি; যা-ই হোক না কেন। আমরা পেশাদার দল, আমরা ইংল্যান্ড ক্রিকেট দল, আমাদের যা প্রয়োজন তার সবই আছে। আমাদের এসব মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকা উচিত। যখন মাঠে নামব তখন নিজেদের মেলে ধরতে হবে।”

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বাকি তিন প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, ওমান ও নামিবিয়া।