বিগ ব্যাশের প্লে-অফে সবার আগে রিশাদরা
সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে গেছে হোবার্ট হারিকেন্সের।
বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেল ম্যাচ। সিডনি সিক্সার্সের বিপক্ষে পয়েন্ট ভাগভাগি করতে হলো হোবার্ট হারিকেন্সকে। আর তাতে এবারের বিগ ব্যাশে সবার আগে প্লে-অফে জায়গা নিশ্চিত হয়ে গেল রিশাদ হোসেনদের।
সিডনিতে রোববার স্টিভেন স্মিথের ফেরার ম্যাচটিতে খেলা হয় কেবল ৫ ওভার। ৩২ রানের উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন স্মিথ ও বাবর আজম।
জাতীয় দলের খেলা থাকায় এবারের বিগ ব্যাশের শুরুতে স্মিথকে পায়নি সিক্সার্স। অ্যাশেজের শেষ টেস্টে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান তারকা ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিরে আত্মবিশ্বাসী শুরু করেন। একটি করে ছক্কা-চারে ১৬ বলে করেন ১৯ রান। এক চারে ৯ রান করতে ১৪ বল খেলেন বাবর।
এদিন বোলিং পাননি দুর্দান্ত ছন্দে থাকা রিশাদ। হারিকেন্সের এই লেগ স্পিনার টুর্নামেন্টে নিজের প্রথম আসরে এখন পর্যন্ত ১১ উইকেট নিয়েছেন। হারিকেন্সের বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ন্যাথান এলিসের, ১২টি।
আসরে ৯ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে হোবার্ট হারিকেন্স। সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা। আর ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে সিক্সার্স।
৮ ম্যাচে ১০ পয়েন্ট দুইয়ে থাকা মেলবোর্ন স্টার্সের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে চারে টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী পার্থ স্কর্চার্স।
প্রাথমিক পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার ব্রিজবেন হিটের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স।
