বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছেই হেরে গেল বাংলাদেশ
ছন্নছাড়া ব্যাটিংয়ের পর বোলিং ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে হেরে গেল বাংলাদেশ।
মাহমুদউল্লাহর অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারি কাভারের ওপর দিয়ে মারলেন হারমিত সিং। বল সীমানা পার হওয়ার আগেই তীব্র গর্জনে উল্লাসে মেতে উঠলেন এই অলরাউন্ডার। তার এই শটেই যে নিশ্চিত হয়ে গেল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়! বিশ্বকাপের আগে বড় ধাক্কা এলো বাংলাদেশের জন্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের উইকেট-কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে আগেভাগে তিন ম্যাচেরে এই সিরিজটি খেলছে বাংলাদেশ। এই সফরে প্রথম ম্যাচেই যেন বাস্তবতা টের পেল নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়েই তাদেরকে ৫ উইকেটে হারাল যুক্তরাষ্ট্র।
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার বাংলাদেশের ১৫৩ রান ৩ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।
এই সংস্করণে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয় এটি। আগে আয়ারল্যান্ডকে হারাতে পেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে প্রথম সাক্ষাতেই মনে রাখার মতো এক জয় পেল তারা।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি জিতলেও ব্যাটিং নিয়ে ছিল অনেক প্রশ্ন। সেই ধারা আরেকটু দীর্ঘ করে আরও একবার ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
তাওহিদ হৃদয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেও শুরুতে যতটা আগ্রাসী ছিলেন, শেষ দিকে ততটাই ঝিমিয়ে পড়েন। মাহমুদউল্লাহ আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবু এই দুজনের ব্যাটেই মূলত দেড়শ পেরোতে পারে বাংলাদেশ।
তুলনামূলক অল্প পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। একশর আগে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ দিকে এলোমেলো বোলিংয়ে দলকে হারের পথে এগিয়ে নেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা।
২৮ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে যুক্তরাষ্ট্রে স্মরণীয় জয় এনে দেন হারমিত ও কোরি অ্যান্ডারসন। ২ চার ও ৩ ছক্কায় ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন হারমিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্রেফ তৃতীয় ইনিংস এটি।
২ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করেন নিউ জিল্যান্ডের হয়ে দীর্ঘ দিন খেলে যুক্তরাষ্ট্রে আসা অ্যান্ডারসন।
শেষ ৪ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৫৫ রান। তিন ওভারে ৪৬ রান দিয়ে ফেলেন মুস্তাফিজ ও শরিফুল। দুটি উইকেট পেলেও ৪ ওভারে মুস্তাফিজের খরচ ৪১ রান। মিরপুরের বাইরে এ নিয়ে টানা চার ম্যাচে চল্লিশের বেশি রান দিলেন অভিজ্ঞ পেসার। শেষ ওভারে ১৪ রান দেওয়া শরিফুলের মোট খরচ ৩১ রান।
শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৯ রান। তিন ওভারে ১৬ রান দেওয়া সাকিব আল হাসানের একটি ওভার তখনও বাকি। তবে দুই বাঁহাতি ব্যাটসম্যান দেখেই কি না, মাহমুদউল্লাহর অফ স্পিনে ভরসা রাখেন অধিনায়ক শান্ত। তিন বলেই খেলা শেষ করে দেন হারমিত ও অ্যান্ডারসন।
রান তাড়ায় ইতিবাচক শুরু করে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ওভারে শরিফুলের বলে ইনিংসের প্রথম বাউন্ডারি মারেন স্টিভেন টেলর। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বলে মিড উইকেটে শান্তর হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান মোনাঙ্ক প্যাটেল। পরের বলে ছক্কা মেরে বাংলাদেশের হতাশা বাড়ান যুক্তরাষ্ট্র অধিনায়ক।
বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি মোনাঙ্ক। পরের ওভারে ফলো থ্রুতে টেলরের ড্রাইভ ঠেকাতে হাত বাড়িয়ে দেন শরিফুল। তার হাতে লেগে বল আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন ক্রিজের বাইরে দাঁড়িয়ে মোনাঙ্ক। রান আউট হয়ে ফিরতে হয় তাকে।
তিন নম্বরে নেমে প্রথম বলে চার মারেন আন্দ্রেস গাউস। টেলরের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৩২ বলে ৩৮ রান। পাওয়ার প্লেতে ১ উইকেটে স্বাগতিকরা করে ৪৩ রান।
১৮ বলে ২৩ রান গাউসকে নবম ওভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ কঠিন বানিয়ে নেন মুস্তাফিজ।
দ্বাদশ ওভারে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। তিন বলের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন টেলর ও অ্যারন জোন্স। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে অনেকটাই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। একশর আগে শরিফুলের শিকার হন নিতিশ কুমার।
তখনও জয় থেকে ৬০ রান দূরে যুক্তরাষ্ট্র। বল বাকি ছিল ৩০টি। তবে সেই লক্ষ্য ছুঁতে ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বলেরও প্রয়োজন পড়েনি হারমিত ও অ্যান্ডারসনের। সপ্তদশ ওভারে মুস্তাফিজের বলে পরপর দুই ছক্কা মারেন হারমিত। পরের ওভারে শরিফুলের বলে ছক্কার পর মারেন চার।
একটু ধীরে শুরু করা অ্যান্ডারসন ১৯তম ওভারে মুস্তাফিজের বলে ছক্কা মেরে সমীকরণ হাতের নাগালে নিয়ে আসেন। পরে শেষ ওভারে মাহমুদউল্লাহর প্রথম বল ছক্কায় উড়িয়ে দলকে জয়ের আরও কাছে পৌঁছে দেন তিনি। তৃতীয় বলে বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন হারমিত।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। দলের স্কোর পঞ্চাশ ছুঁতেই ড্রেসিং রুমে ফেরেন নাজমুল হোসেন শান্তও। প্রথম ১০ ওভারে রান ওঠে কেবল ৬৫।
দ্বিতীয় ওভারে আলি খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান লিটন কুমার দাস। ২ রানে জীবন পেয়ে পরের ওভারেই বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি।
ব্যর্থতার ধারা আরও একটু লম্বা করে জেসি সিংয়ের ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন লিটন। ১টি করে চার-ছক্কায় ১৪ রান করতে তিনি খেলেন ১৫ বল। এ নিয়ে টানা পাঁচ ইনিংসে ২৫ ছুঁতে ব্যর্থ তিনি। ফিফটি নেই তার ১১ ইনিংস ধরে।
অন্য ওপেনার সৌম্য সরকারের শুরুটা হয় তুলনামূলক গোছানো। পরপর তিন ওভারে তিনটি চার মারেন তিনি। কিন্তু বড় কিছু করতে পারেননি তিনিও। ষষ্ঠ ওভারে স্পিনার আসতেই ফুল লেংথ ডেলিভারি ছক্কায় ওড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার।
১৩ বলে সৌম্য করেন ২০ রান। তার সবশেষ পঞ্চাশ প্রায় তিন বছর ও ২৪ ইনিংস আগে।
দলের বিপদ আরও বাড়িয়ে অষ্টম ওভারে লিটন-সৌম্যর পথ ধরেন শান্তও। স্টিভেন টেলরের ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে মারার চেষ্টায় স্টাম্পড হন বাংলাদেশ অধিনায়ক। ৩ রান করতে তিনি খেলেন ১১ বল।
সবশেষ ৫ ইনিংসে তার সংগ্রহ কেবল ৬৩ রান। স্ট্রাইক রেট ৯৬.৯২!
চাপের মধ্যেও ইতিবাচক শুরু করেন ফর্মে থাকা হৃদয়। চতুর্থ বলে তিনি মারেন প্রথম বাউন্ডারি। একই ওভারে ফ্রি হিট বলে মারেন আরেকটি চার। নবম ওভারে কোরি অ্যান্ডারসনের বলে লেট কাট করে মারেন তৃতীয় বাউন্ডারি।
দ্বাদশ ওভারে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন সাকিব আল হাসান। হারমিত সিংয়ের বল পয়েন্টের দিকে খেলে শুরুতে রানের জন্য কিছুটা এগিয়ে যান হৃদয়। তবে পরক্ষণেই মানা করে দেন। ততক্ষণে প্রায় মাঝ ক্রিজে সাকিব। আর ফেরার চেষ্টা করেননি তিনি।
যতক্ষণ উইকেটে ছিলেন খুব একটা স্বস্তিতে অবশ্য দেখা যায়নি অভিজ্ঞ অলরাউন্ডারকে। সব মিলিয়ে ৬ রান করতে তিনি খেলেন ১২ বল। কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি।
৬৮ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন হৃদয় ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ৪৭ বলে ৬৭ রানের জুটি।
ত্রয়োদশ ওভারে জেসির বলে দুটি ছক্কা মারেন হৃদয়, ২৭ বলে পৌঁছে যান ৪০ রারে। এরপর সেই গতি আর ধরে রাখতে পারেননি তরুণ ব্যাটসম্যান। শেষ ওভারের আগে আর কোনো বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে। ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ করলেও শেষের ১০ রান করতে তিনি খেলেন ১৩ বল।
ক্রিজে গিয়ে তৃতীয় বলে বাউন্ডারি মারেন মাহমুদউল্লাহ। সপ্তদশ ওভারে আলি খানের বলে চারের পর লং অফ দিয়ে মারেন ছক্কা। ১৯তম ওভারে সৌরভ নেত্রাভাল্কারের বলে ছক্কায় ওড়াতে গিয়ে লং অনে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে তিনি করেন ৩১ রান।
ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হয়ে থামেন হৃদয়। শেষ ৭ ওভারে ২০ বল খেলে তিনি করেন ১৮ রান। শেষ ওভারে আলি খানের এলোমেলো বোলিংয়ে দেড়শ ছাড়ায় বাংলাদেশ।
এক সময় এই রানকে যথেষ্টই মনে হচ্ছিল। কিন্তু শেষ এসে পথ হারান বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজ-শরিফুলের এই রূপ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্যও বিপৎসংকেত।
একই মাঠে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৬ (লিটন ১৪, সৌম্য ২০, শান্ত ৩, হৃদয় ৫৮, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৩১, জাকের ৯*; সৌরভ ৪-০-২৭-১, আলি খান ৪-০-৪৯-১, জেসি ৩-১-৩০-১, টেইলর ৩-০-৯-২, অ্যান্ডারসন ২-০-১০-০, হারমিত ৪-০-২৭-০)
যুক্তরাষ্ট্র: ১৯.৩ ওভারে ১৫৬/৫ (টেলর ২৮, মোনাঙ্ক ১২, গাউস ২৩, জোন্স ৪, নিতিশ ১০, অ্যান্ডারসন ৩৪*, হারমিত ৩৩*; মাহমুদউল্লাহ ২.৩-০-২০-০, শরিফুল ৪-০-৩১-১, মেহেদি ৪-০-২৭-০, সাকিব ৩-০-১৬-০, মুস্তাফিজ ৪-০-৪১-২, রিশাদ ২-০-১৬-১)
ফল: যুক্তরাষ্ট্র ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে যুক্তরাষ্ট্র ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: হারমিত সিং।
