অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
Published : 23 Jan 2026, 07:28 PM
ইনিংসের শুরু ও শেষে যুক্তরাষ্ট্র শিবিরে ছোবল দিলেন আল ফাহাদ। তাতে দারুণ একটি রেকর্ডও গড়লেন বাংলাদেশের এই পেসার।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হারারেতে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৯ ওভারে ৩৮ রান খরচায় দুই শিকার ধরেন ফাহাদ। এতেই যুব ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
বয়সভিত্তিক ক্রিকেটের এই সংস্করণে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন ছিল ভারতের ভিজায়কুমার ইয়ো মাহেশের। এই পেসার ২৬ ম্যাচে ছুঁয়েছিলেন মাইলফলকটি। তার রেকর্ডটি ভেঙে দিলেন ফাহাদ ২৫ ম্যাচে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারে আর্জুন মাহেশকে ফিরিয়ে মাইলফলকের দিকে এক ধাপ এগিয়ে যান তিনি। পরে ৪৭তম ওভারে আদিত কাপ্পাকে বিদায় করে ৫০ উইকেট পূর্ণ করেন।
চলতি বিশ্বকাপে ফাহাদের শুরুটা হয় দুর্দান্ত। ভারতের বিপক্ষে স্রেফ ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। বৃষ্টিতে ভেস্তে যাওয়া নিউ জিল্যান্ড ম্যাচে চার ওভারে করে ধরতে পারেননি কোনো শিকার।
যুব ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে ৫০ উইকেট আছে আরও পাঁচ জনের। সর্বোচ্চ ৮০ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে মেহেদী হাসান মিরাজ। চলতি বিশ্বকাপে খেলা ইকবাল হোসেন ৭১ উইকেট নিয়ে দুইয়ে। এরপর যথাক্রমে আছেন মাহমুদুল হাসান (৬৬), সালেহ আহমেদ শাওন (৬০) ও সোহরাওয়ার্দী শুভ (৫৫)।