উগান্ডা অধিনায়ক বললেন, ‘বিশ্বকাপে খেলা স্পেশাল, জয় আরও স্পেশাল’
পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা।
কেনেথ ওয়াইসওয়ার প্যাডেল সুইপে জয় নিশ্চিত হতেই উগান্ডার ডাগআউটে বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিল পুরো দল। কিছুক্ষণ পর রিয়াজাত আলি শাহ যখন ম্যাচ সেরার পুরস্কার নেন, তখন মাঠের মধ্যেই বিভিন্ন কায়দায় নাচ শুরু করেন অন্য ক্রিকেটাররা। সব মিলিয়ে উৎসবের এক আবহ।
এমন হওয়া অবশ্য অনুমেয়। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই যে ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা। পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গেছেন বর্তমান দলের ক্রিকেটাররা। তাই ম্যাচ শেষে অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেছেন, এটি তাদের কাছে অনেক বেশি স্পেশাল।
গায়ানায় বৃহস্পতিবার ফ্রাঙ্ক সুবুগার রেকর্ডগড়া বোলিংয়ে পাপুয়া নিউ গিনিকে ৭৭ রানে গুটিয়ে দেয় উগান্ডা। রান তাড়ায় শুরুতে পা হড়কালেও রিয়াজাত আলি শাহর দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে মাসাবার দল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উগান্ডা অধিনায়ক বারবার মনে করিয়ে দেন, তাদের জন্য কতটা স্পেশাল এই জয়।
“খুবই বিশেষ জয় আমাদের জন্য। বিশ্বকাপের প্রথম জয় এর চেয়ে স্পেশাল হতে পারে না। ছেলেরা যা করেছে আমি অনেক গর্বিত। বিশ্বকাপে নিজের দেশকে জয় এনে দেওয়া বিশেষ অনুভূতি। কী দারুণ একটা সফর! ক্রিকেটার ও দেশে বোর্ডের ৩-৪ বছরের কঠোর পরিশ্রমের ফল। বিশ্বকাপে আসা স্পেশাল ছিল, তবে এটি (জয়) আরও বেশি স্পেশাল।”
নেচে-গেয়ে পুরো ম্যাচে উগান্ডার হয়ে গলা ফাটিয়েছেন মাঠে আসা দেশটির সমর্থকরা। তাদেরকে জয় উপহার দিতে পারার সন্তুষ্টি মাসাবার কণ্ঠে।
“আমাদের দারুণ সমর্থকগোষ্ঠি আছে যারা বিশ্বের প্রায় সব প্রান্তে দলের সঙ্গে ভ্রমণ করে ও দলকে সমর্থন করে। আমার মনে হয় না, তারা কোনো জয়ের আশা নিয়ে বিশ্বকাপ দেখতে এসেছে। তবে আমরা অন্তত এটুকু (ম্যাচ জেতা) তাদের জন্য করতেই পারি। আশা করি, তাদের কাছেও এটি আমাদের মতোই বিশেষ অনুভূতি।”
উগান্ডার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে শুরু হয় পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচটি। খেলা শেষ হতে বেজে যায় প্রায় ভোর ৬টা। মাসাবা জানেন, দেশে তার বন্ধুরা ঠিকই রাত জেগে ম্যাচ উপভোগ করেছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না দেশটির অধিনায়ক।
“দেশেও আমাদের সমর্থন অনেক বেশি। ভোরবেলা সাড়ে ৩টা বা সাড়ে ৪টা পর্যন্ত জেগে থাকা সহজ নয়। আমরা তাদের স্যালুট জানাই, সাধুবাদ জানাই। আমার স্কুলের বন্ধুদের কয়েকজন হুমকি দিয়ে রেখেছে, তাদের কথা যেন লাইভ টিভিতে বলি (হাসি)। সমর্থকদের বলব, আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই সমর্থন করতে থাকুন।”
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে সমর্থকদের প্রতি ভালোবাসা জানান রিয়াজাতও।
“এটি আমাদের প্রথম বিশ্বকাপ এবং বিশ্বকাপে প্রথম জয়। আমাদের জন্য বিশেষ মুহূর্ত। বড় মঞ্চে আসা, অসাধারণ অনুভূতি। দেশে ও বিশ্বজুড়ে আমাদের সকল সমর্থককে ধন্যবাদ। আমরা ভালো করি বা খারাপ, তারা সবসময় আমাদের সমর্থন করেছে।”
“প্রথম ম্যাচের পর আমরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। তবে আমরা জানতাম কতটা প্রতিভাবান আমরা এবং বিশ্বকে দেখাতে চেয়েছিলাম আমরা কতটা ভালো।”
একই মাঠে আগামী রোববার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে উগান্ডা।
