Published : 15 Sep 2026, 11:49 PM
আঁটসাঁট বোলিং করেও প্রথম সেশনে উইকেট পেলেন না সৈয়দ খালেদ আহমেদ। তাজা ঘাসে ভরা উইকেটেও শুরুর জুটিতে প্রথম দুই ঘণ্টা কাটিয়ে দিল ল্যাঙ্কাশায়ার। দ্বিতীয় সেশনে জ্বলে উঠলেন খালেদ। বাংলাদেশি পেসারের পাঁচ উইকেটের সৌজন্যে প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের দলকে দুইশ রানের নিচে থামাল তারা।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর ম্যাচটির প্রথম দিনে ৪২ রানে ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে দশমবার ৫ উইকেট নিলেন ৩৩ বছর বয়সী এই পেসার। কম যাননি এই মৌসুমে আরেক অভিজ্ঞ পেসার ম্যাট মিল্নসও। কেন্টের সফলতম বোলার এবার ৪ উইকেট শিকার করেন ২৮ রানে।
ল্যাঙ্কাশায়ারের রান এক পর্যায়ে ছিল কোনো উইকেট না হারিয়ে ৮১। খালেদ উদ্বোধনী জুটি ভাঙার পর বাকি সব জুটি মিলেও আর ৮১ রান হয়নি। গুটিয়ে যায় তারা ১৬১ রানে।
এই ম্যাচের আগে কেন্ট বড় ধাক্কা খেয়েছিল হাসান মাহমুদকে হারিয়ে। চার ম্যাচে ২৬ উইকেট শিকারি বাংলাদেশি পেসারকে দেশে ডেকে পাঠিয়েছে বিসিবি। কেন্ট তাতে হতাশা প্রকাশ করে প্রকাশ্যেই। তখন অবশ্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল, খালেদের ওপর ভরসা রাখছে তারা। তাদের হতাশ করেননি ১৮ টেস্ট খেলা পেসার।
ঘরের মাঠ ক্যান্টারবুরিতে সবুজ উইকেটে টস জিতে ফিল্ডিংয়ে সুবিধা করতে পারছিল না কেন্ট। মাইকেল জোন্স ও কিটন জেনিংসের ব্যাটে এগিয়ে যাচ্ছিল ল্যাঙ্কাশায়ার।
দ্বিতীয় সেশনে জেনিংসকে (৩০) ফিরিয়ে ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ব্যাট চালিয়ে দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন ইংল্যান্ডের হয়ে ১৭ টেস্ট খেলা বাঁহাতি ব্যাটসম্যান।
পরের ওভারে আরও দুটি উইকেট হারায় ল্যাঙ্কাশায়ার। ৪৪ রান করা ওপেনার জোন্সকে ফেরানোর পর মিল্নস শূন্যতেই বিদায় করেন অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেলা মার্কাস হ্যারিসকে।
খালেদ দ্বিতীয় উইকেটের দেখা পান পরের ওভারেই। আগের ম্যাচে ফিফটি করা রকি ফ্লিন্টফ এবার রানের খাতাই খুলতে পারেননি। ইংলিশ গ্রেট অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে এলবিডব্লিউ হন খালেদের ভেতরে ঢোকা বলে।
এক রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ল্যাঙ্কাশায়ার। সেই চাপ সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এক প্রান্ত আগলে রাখা ম্যাটি হার্স্টের প্রতিরোধও ভাঙেন খালেদ। অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে দারুণ ক্যাচ নেন টাওয়ান্ডা মুয়েয়ে। হার্স্ট যদিও ক্রিজে দাঁড়িয়ে ছিলেন বল মাটিতে পড়েছে দাবি করে। তবে দুই আম্পায়ার একত্রিত হয়ে কথা বলে আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।
পরে ল্যাঙ্কাশায়ারের শেষ দুটি উইকেট নিয়ে পাঁচ উইকেট পূরণ করেন খালেদ। ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে স্ট্যানলির মিডল স্টাম্প ডিগবাজি খায় বাতাসে। পরের বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন জেমস অ্যান্ডারসন।
পরপর দুই বলে উইকেট নেওয়া পরের ইনিংসে হ্যাটট্রিকের সুযোগ থাকবে খালেদের।
কেন্টের হয়ে এটি তার দ্বিতীয় ম্যাচ। অভিষেকে প্রথম ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নেন খালেদ। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
কেন্টের বোলিংয়ের হাসি অবশ্য অনেকটাই মিলিয়ে যায় ব্যাটিংয়ে নেমে। এক পর্যায়ে তাদের রান ছিল ৭ উইকেটে ১১৭। তবে ওপেনিং থেকে লড়াই করে জ্যাক ক্রলি কিছুটা করেন দলকে। ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা হারানো ওপেনার অপরাজিত থাকেন ৬৮ রানে। ৭ উইকেটে ১৫১ রান নিয়ে দিন শেষ করে কেন্ট।
৪৪ বছর বয়সেও মৌসুমজুড়ে দুর্দান্ত বোলিং করা জিমি অ্যান্ডারসন শিকার করেন ৩ উইকেট। সমান উইকেট নেন আরেক অভিজ্ঞ পেসার টম বেইলিও।