১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তিন ছক্কায় বিপিএলে ‘প্রথম’ খালেদ

সিলেটের পরাজয়ের আগে ১০ নম্বরে নেমে তিনটি ছক্কা মেরেছেন সৈয়দ খালেদ আহমেদ।

বিডিনিউজ২৪

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 12:31 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বল হাতে দিনটি দুঃস্বপ্নের মতোই ছিল সৈয়দ খালেদ আহমেদের। ৪ ওভারে ৫৫ রান দিয়ে তার ক্যারিয়ারের সবচেয়ে খরুচে ম্যাচ ছিল এটিই। তবে ব্যাটিংয়ে নেমে সেই বিভীষিকার ছায়া কিছু হলেও সরাতে পারলেন তিনি। সিলেটের দর্শকদের কিছুটা আনন্দ দিয়ে নিজেও গড়লেন ছোট একটি ব্যাটিং কীর্তি।

বিপিএলে বুধবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে সিলেট টাইটান্সের পরাজয়ের আগে খানিকটা উত্তেজনা ছড়ায় খালেদের ব্যাটিংয়ে। দশে নেমে ৯ বলে ২৫ রানের ইনিংস উপহার দেন তিনি। ইনিংসটির পথে ছক্কা মারেন তিনটি।

বিপিএলের সব আসর মিলিয়ে ১০ নম্বরে নেমে এক ইনিংসে তিন ছক্কার প্রথম নজির এটি।  

নানা সময়ে দশে নেমে দুটি করে ছক্কা মেরেছেন আবু হায়দার, মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাব রিয়াজ, তানভির ইসলাম ও আকিফ জাভেদ। এর মধ্যে আবু হায়দার দুই ছক্কা মেরেছেন দুই দফায়। 

টি-টোয়েন্টিতে দশে নেমে সবচেয়ে বেশি ছক্কার বিশ্বরেকর্ড থেকেও খুব বেশি দূরে ছিলেন না খালেদ। ৫টি করে ছক্কা মেরে রেকর্ডটি যৌথভাবে মাঞ্জুলা জায়াওয়ার্ধানা ও আকাশ দিপের।

২০১৯ সালে শ্রীলঙ্কার পুলিশ স্পোর্টস ক্লাবের হয়ে ৩৬ বলে ৫৮ রানের ইনিংসের পথে ৫টি ছক্কা মেরেছেন মাঞ্জুলা। আকাশ দিপের কীর্তি গত ৩০ নভেম্বর বাংলার হয়ে পাঞ্জাবের বিপক্ষে। ৭ বলে ৩১ রানের ইনিংসে ৫টি ছক্কা মারেন এই পেসার।

বিপিএলে দশে নেমে খালেদ ছক্কার রেকর্ড গড়লেও এই পজিশনে সর্বোচ্চ ইনিংসের তালিকায় তার ওপরে আছেন একজন। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ১৮ বলে ৩২ রান করেছিলেন আকিফ জাভেদ।