খ্যাপাটে উদযাপন করায় সিরাজের শাস্তি
বেন ডাকেটের সামনে গিয়ে বুনো উল্লাস করার এক পর্যায়ে ব্যাটসম্যানের সঙ্গে ধাক্কাও লাগে ভারতীয় পেসারের।
বেন ডাকেটকে ফিরিয়ে ব্যাটসম্যানের নাকের ডগায় গিয়ে বুনো উল্লাসে মাতলেন মোহাম্মদ সিরাজ। ড্রেসিং রুমের পথে থাকা ইংলিশ ওপেনারের সঙ্গে এক পর্যায়ে হালকা ধাক্কাও লাগল তার। এমন আচরণের জন্য ভারতীয় পেসারকে শাস্তি দিল আইসিসি।
সিরাজকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার কথা সোমবার জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় দফায় ডিমেরিট পেলেন তিনি।
লর্ডস টেস্টের চতুর্থ দিন সকালে ঘটে এই কাণ্ড। দিনের পঞ্চম ওভারে সিরাজকে পুল করে মিড-অনে ধরা পড়েন ডাকেট। এরপরই খ্যাপাটে উদযাপন শুরু করেন সিরাজ।
কিছুক্ষণ পর আম্পায়ারদের সিরাজের সঙ্গে কথা বলতে দেখা যায়। তখন মনে হচ্ছিল, শাস্তি অপেক্ষা করছে এই ক্রিকেটারের জন্য। হলও তাই।
সিরাজের এমন ব্যবহার আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করে। যেখানে ‘কথা, অঙ্গভঙ্গির মাধ্যমে আউট হওয়া ব্যাটসম্যানকে আক্রমণাত্মক আচরণ করতে উস্কে দেওয়ার’ কথা বলা হয়েছে।
নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়ার শাস্তি মেনে নিয়েছেন সিরাজ। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় লর্ডস টেস্ট। শেষ দিনে ভারতের প্রয়োজন ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট।
