স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পেল আইএল টি-টোয়েন্টি
সহযোগী দেশগুলোর প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে এই স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের লিগটি।
টি-টোয়েন্টির জগতের সেরা তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। কত অসাধারণ সব পারফরম্যান্স। কিন্তু আগের আসরে কোনো কিছুই ছিল না আনুষ্ঠানিক, রেকর্ড বইয়ে জায়গা পায়নি কোনো পারফরম্যান্স। সেই স্বীকৃতিই যে ছিল না। অবশেষে স্বীকৃত টি-টোয়েন্টির মর্যাদা পেল সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)।
আইসিসির সহযোগী দেশগুলোর লিগকে এতদিন আনুষ্ঠানিক টি-টোয়েন্টির মর্যাদা দেয়নি আইসিসি। আইএল টি-টোয়েন্টিই সহযোগী দেশগুলোর প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে এই মর্যাদা পেল। গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসরে দলগুলি ও ক্রিকেটারদের পারফরম্যান্স রেকর্ডের পাতায় লিবিপদ্ধ না থাকলেও দ্বিতীয় আসর থেকে তা থাকবে।
টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।
একই সময়ে বাংলাদেশের বিপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি চলবে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশের কিছু খেলাও চলবে তখনও, পাকিস্তানের পিএসএলও চলতে পারে। তারপরও আইএল টি-টোয়েন্টির দিকে তারকাদের প্রবল আগ্রহ দেখা গেছে। এবারও ডেভিড ওয়ার্নার, শাহিন শাহ আফ্রিদি, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, রহমানউল্লাহ গুরবাজ, অ্যালেক্স হেলস, ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরাস, ক্রিস ওকস, মাহিস থিকসানা, শিমরন হেটমায়ার, ক্রিস জর্ডানরা খেলবে এই টুর্নামেন্টে।
আইএল টি-টোয়েন্টি আয়োজিত হয় ৬টি দলকে নিয়ে। এর মধ্যে ৩টি দল আছে আইপিএল দলগুলির মালিকপক্ষের।
প্রথম আসরের শিরোপা জিতেছিল ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সের নেতৃত্বে গালফ জায়ান্টস।
