টপ-অর্ডারের ব্যর্থতা সঙ্গী করেই মূল বিশ্বকাপে বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ের জীর্ণদশা আরও একবার প্রকটভাবে ফুটে উঠল।
বছরের শুরু থেকে ছন্দে নেই বাংলাদেশ টপ-অর্ডার। বিচ্ছিন্ন কিছু বড় ইনিংস দেখা গেলেও সামগ্রিকভাবে নাজুক অবস্থায় লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও এর কোনো পরিবর্তন হলো না। ব্যাটিংয়ের শুরুতে পিছিয়ে পড়ার সমস্যা মাথায় নিয়েই মূল টুর্নামেন্ট খেলতে নামবে বাংলাদেশ।
বৈরী আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেনি বাংলাদেশ। তাই ভারত ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়ার কাজটি সারতে হতো তাদের। কিন্তু ব্যাটিং-বোলিংয়ের পারফরম্যান্সে সন্তুষ্টির জায়গা তেমন একটা নেই।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের প্রস্তুতি ম্যাচে ৬০ রানে হারে বাংলাদেশ। ভারতের ১৮২ রানের জবাবে ৯ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেননি শান্তর নেতৃত্বাধীন দল।
নবনির্মিত স্টেডিয়ামের ড্রপ-ইন পিচে প্রথম ইনিংসের মাঝামাঝি সময় থেকেই বল কিছুটা থেমে এসেছে। আউটফিল্ডও ছিল কিছুটা ভারী। এর মাঝেও অবশ্য দারুণ ব্যাটিং করে ভারত। কিন্তু রানের পথ খুঁজে নিতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়ে দলীয় ১০ রানের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন সৌম্য, লিটন ও শান্ত। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন সৌম্য। আর্শদিপ সিংয়ের পরের ওভারে বোল্ড হন ৮ বলে ৬ রান করা লিটন।
মোহাম্মদ সিরাজের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে ক্যাচ দেন শান্ত। ৬ বল খেলে রান করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে সৌম্যকে নামানোয় ব্যাটিং অর্ডারও বদলে যায়। তিনে খেলেন লিটন, চারে শান্ত। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার নম্বরে ভালো করা তাওহিদ হৃদয়কে পাঠানো হয় পাঁচে।
ছন্দে থাকা তানজিদ ও হৃদয়ও এদিন তেমন কিছু করতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে ফেরেন হৃদয়। ১৭ রান করতে ১৮ বল খেলেন তানজিদ।
৪১ রানে ৫ উইকেট হারানোর পর ওয়ানডে ধাচের ব্যাটিং শুরু করেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। বিশেষ করে নতুন স্টান্স ও হেড পজিশনে সাকিবের ব্যাটিংয়ে অস্বস্তি ছিল স্পষ্ট। মাহমুদউল্লাহও শুরুতে সাবলীল খেলতে পারেননি।
১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৩ রান। এরপর হার্দিক পান্ডিয়ার পরপর তিন বলে ছক্কা ও দুটি চার মেরে ওভার থেকে ২০ রান নেন মাহমুদউল্লাহ। ফলে কিছুটা বাড়ে রানের গতি। কিন্তু শেষ পর্যন্ত সেটি তেমন কাজে লাগেনি।
১৯তম ওভারের শুরুতে আহত অবসর হয়ে উঠে যান মাহমুদউল্লাহ। এক পর্যায়ে ১৫ বলে ১৫ রান থেকে শেষ পর্যন্ত ২৮ বলে ৪০ রান করেন তিনি। ৪ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
শেষ ওভারে জাসপ্রিত বুমরাহর শর্ট বলে কট বিহাইন্ড হন সাকিব। অস্বস্তিময় ব্যাটিংয়ে ২ চারে ৩৪ বলে ২৮ রান করেন তিনি। শেষ দিকে রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, জাকের আলিরা নিজেদের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার জন্য বেশি বল পাননি।
ম্যাচের প্রথম ইনিংসে আঁটসাঁট বোলিং করেন মেহেদি ও শরিফুল ইসলাম। তবে ভালো কিছুর আশা জাগানোর পর শরিফুলের শেষ ওভারে জাগে শঙ্কা। পান্ডিয়ার শট থামানোর চেষ্টায় বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর সংযোগস্থলে চোট পান শরিফুল। ওভার শেষ না করেই মাঠ ছেড়ে যান বাঁহাতি পেসার।
পরে ম্যাচ শেষে শান্ত বলেন, এখন শরিফুলের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। ইনিংস বিরতিতে তরুণ পেসারকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান বাংলাদেশ অধিনায়ক। তবে প্রথম ম্যাচের আগে শরিফুলের সেরে ওঠার ব্যাপারে আশাবাদী শান্ত।
নতুন বলে ইনিংস শুরুর পর পাওয়ার প্লেতে দুটি ও মাঝের ওভারে দুটি ওভার করেন মেহেদি। সব মিলিয়ে দুটি চার ও একটি ছক্কায় কেবল ২২ রান দেন অফ স্পিনার। বিপরীতে তিনি নেন ভারতের 'স্পিন বিশেষজ্ঞ' তকমা পাওয়া শিভাম দুবের উইকেট।
শেষ ওভারে চোট পাওয়ার আগে শরিফুলও করেন দারুণ বোলিং। ৩.৫ ওভারে ২৬ রানে তিনি নেন সাঞ্জু স্যামসনের উইকেট। নতুন বলে দলকে প্রথম ব্রেক থ্রু বাঁহাতি পেসারই এনে দেন।
বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ হতে দুই বাঁহাতি স্পিনারের পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ওভারপ্রতি প্রায় সাড়ে ৭ রান খরচ করে ১ উইকেট পাওয়া সাকিব এবার প্রস্তুতি ম্যাচে ৪ ওভারে দেন ৪৭ রান। পাননি কোনো উইকেট। অনায়াসে তার বলে চার-ছক্কা মারেন রিশাভ পান্ত, পান্ডিয়ারা।
আরেক বাঁহাতি তানভির ইসলাম দ্বিতীয় ওভারে সুরিয়াকুমার ইয়াদাভের উইকেট নিলেও দুই ওভারে খরচ করেন ২৯ রান। পান্ডিয়ার কাছে পরপর তিনটি ছক্কা হজম করেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া বাঁহাতি স্পিনার।
ম্যাচটিতে সব মিলিয়ে ৮ জন বোলার ব্যবহার করেন অধিনায়ক শান্ত। সাকিব, তানভির ছাড়াও কিছুটা খরুচে বোলিং করেন রিশাদ। লেগ স্পিনে দুই ওভারে তিনি দেন ১৯ রান। এছাড়া ফিল্ডিংয়েও একটি ক্যাচ ছাড়েন তিনি। বিশ্রাম পাওয়ায় খেলেননি দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ফিল্ডিংয়ে দারুণ তৎপরতা দেখান মাহমুদউল্লাহ। ১৫তম ওভারে মেহেদির বলে উড়িয়ে মারেন দুবে। লং অনে দাঁড়িয়ে প্রথমে বল মুঠোয় জমান মাহমুদউল্লাহ। কিন্তু ভারসাম্য রাখতে পারছেন না দেখে বল হাওয়ায় ভাসিয়ে বাইরে চলে যান। পরে দ্রুত ভেতরে এসে দ্বিতীয় দফায় নেন ক্যাচ। পাশাপাশি বল হাতে ২ ওভারে ১৬ রান দিয়ে রোহিতের উইকেট নেন অভিজ্ঞ ক্রিকেটার।
ভারতকে দুইশর কাছাকাছি নেওয়ার কারিগর পান্ত। ৪টি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৩ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি। ৪টি চারে ১৮ বলে ৩১ রান করেন সুরিয়াকুমার। ছয় নম্বরে নেমে ২ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ৪০ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮২/৫ (রোহিত ২৩, স্যামসন ১, পান্ত ৫৩ আহত অবসর, সুরিয়াকুমার ৩১, দুবে ১৪, পান্ডিয়া ৪০, জাদেজা ৪; মেহেদি ৪-০-২২-১, শরিফুল ৩.৫-০-২৬-১, সাকিব ৪-০-৪৭-১, মাহমুদউল্লাহ ২-০-১৬-১, সৌম্য ১-০-১১-০, রিশাদ ২-০-১৯-০, তানজিম ১.১-০-৬-০, তানভির ২-০-২৯-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৯ (তানজিদ ১৭, সৌম্য ০, লিটন ৬, শান্ত ০, হৃদয় ১৩, সাকিব ২৮, মাহমুদউল্লাহ ৪০ আহত অবসর, রিশাদ ৫, মেহেদি ৩*, জাকের ০, তানজিম ১*; আর্শদিপ ৩-০-১২-২, বুমরাহ ২-০-১১-১, সিরাজ ৩-০-১৭-১, পান্ডিয়া ৩-০-৩০-১, আকসার ২-০-১০-১, দুবে ৩-০-১৩-২, কুলদিপ ২-০-১৫-০, জাদেজা ২-০-১১-০)
ফল: ভারত ৬০ রানে জয়ী
