২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে পুরানের বাজি একঝাঁক ‘ম্যাচ উইনার’

ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যানের আশা, ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জয়ের বিশেষ সেই অনুভূতি ফেরাতে পারবেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2024, 06:11 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

প্রথম দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজের একদমই ভালো যায়নি সবশেষ দুই আসর। ওই ব্যর্থতা ভুলে এবার ঘরের মাঠের বিশ্ব আসরে সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান নিকোলাস পুরান। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য পূরণে ম্যাচ উইনারে ঠাসা দল নিয়ে বেশ আশাবাদী ক্যারিবিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ায় দুই বছর আগে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্বে ছিলেন পুরান। তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও সেবার তিন ম্যাচের দুটিতে হেরে প্রথম পর্বে বাদ পড়ে যায় ক্যারিবিয়ানরা। তাদের টপকে সুপার টুয়েলভে ওঠে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

এর আগে ২০২১ সালের আসরেও প্রত্যাশা মেটাতে পারেননি পুরান, আন্দ্রে রাসেল, এভিন লুইসরা। সুপার টুয়েলভে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে থামে তাদের বিশ্বকাপ যাত্রা। পাঁচ ম্যাচে তারা জেতে মোটে একটি, বাংলাদেশের বিপক্ষে।

অথচ ওই দুই বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির সবচেয়ে সফল দল ছিল ক্যারিবিয়ানরাই। তখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দলও ছিল তারা। কিন্তু সবশেষ দুই আসরে নিজেদের মানের ধারেকাছেও ছিল না দলটি।

এবার পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলতে চান পুরান। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ঘরের মাঠের নিজেদের দর্শকদের সামনে ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জেতার মুহূর্ত ফিরিয়ে আনতে চান তারা। 

“প্রায় দুই বছর পর এখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) এসে, দলের সবাই ওই দুটি বিশ্বকাপ জেতার বিশেষ সেই অনুভূতি পেতে চায়। আমার মনে হচ্ছে, সবাই আবারও ওই মুহূর্তটা চায়। তারা জয়ী দলের অংশ হতে চায়। নিজ দেশের সমর্থকদের সামনে এটি করতে পারা হবে বিশেষ কিছু।”

“আমরা জানি এখানে আমাদের সামনে ঠিক কী আছে। নিজেদের পুনরায় আগের জায়গায় নেওয়া, ক্যারিবিয়ান ও বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের খুশি করার একটি সুযোগ আছে আমাদের সামনে। এবার আমরা ক্রিকেটার হিসেবেও আগের চেয়ে ভালো। আমাদের বেশিরভাগ ছেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে। তারা জানে পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য কী প্রয়োজন।”

নিজেদের সবশেষ সিরিজ থেকে বিশ্বকাপে ভালো করার প্রেরণা পেতে পারে ক্যারিবিয়ানরা। আইপিএলের ব্যস্ততায় টুর্নামেন্টের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারকে ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে হোয়াইটওয়াশ করে তারা।

বিশ্বকাপের দলে পুরানসহ যোগ দিয়েছেন অধিনায়ক রভম্যান পাওয়েল, সহ-অধিনায়ক আলজারি জোসেফ, রাসেল, শিমরন হেটমায়ার ও শেরফেইন রাদারফোর্ড। ফলে টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেড়েছে বলে মনে করেন পুরান। 

এই প্রসঙ্গে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির উদাহরণ টানেন ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। সেদিন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৭ রানে জেতে ক্যারিবিয়ানরা।

“পার্থে শেষ ম্যাচটির কথা আমার মনে আছে। আমরা সম্ভবত ৭০ রানে ৪ উইকেট (৭৯ রানে ৫) হারিয়ে ফেলি। সেখান থেকে আমরা ২১৫ রান (৬ উইকেটে ২২০) করি। রাসেল ও রাদারফোর্ড দুজনই ৭০ রানের ইনিংস খেলে (যথাক্রমে ৭১ ও ৬৭)। তারা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে তুলাধুনা করে দিয়েছিল। তারা থাকায় আপনাকে তেমন চিন্তা করতে হয় না।”

“পাশাপাশি এটিও বলে রাখতে চাই, প্রত্যেক ক্রিকেটারেরই তাদের নিজেদের দায়িত্ব আছে। তবে আমাদের দলের সৌন্দর্য হল, আমাদের এমন ক্রিকেটার আছে যারা নিজেদের দিনে একাই টি-টোয়েন্টি ম্যাচ জেতাতে পারে। আপনি এটাই চাইবেন। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে।”

গায়ানায় রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।