২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাকিস্তান দলে তাহিরের বদলি শাকিল

এশিয়া কাপের দলে রিজার্ভ হিসেবে অবশ্য থাকবেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তাইয়াব তাহির।

পাকিস্তান দলে তাহিরের বদলি শাকিল

পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান সাউদ শাকিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 03:21 PM

Updated : 27 Aug 2023, 03:21 PM

এশিয়া কাপের দলে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাইয়াব তাহির। তার জায়গায় দলে যোগ করা হয়েছে সাউদ শাকিলকে।

আফগানিস্তানের বিপক্ষে শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন তাহির। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ আসেনি তার। বাদ পড়লেও এশিয়া কাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন ৩০ বছর বয়সী মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

গত মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তাহির। এই সংস্করণে দেশের হয়ে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তার রান ৩৯। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার এখন পর্যন্ত ৫৩ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪৪.২৩ গড়ে করেছেন ২ হাজার ৩০০ রান, ৪ সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ১৬টি।

টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরেন শাকিল। তিন ম্যাচের সিরিজে শেষ ওয়ানডেতে সুযোগ পান তিনি। ৬ বলে ৯ রান করে হয়ে যান রান আউট।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৬টি ওয়ানডে খেলা শাকিল শুরুতে ছিলেন না এশিয়া কাপের দলে। রোববার দলের সঙ্গে মুলতানে যাবেন তিনি। যেখানে আগামী বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান।
 
এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে ৮৭.৫০ গড়ে শাকিলের রান ৮৭৫। দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৬টি। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কলম্বোতে পরের ম্যাচে করেন ফিফটি। এই পারফরম্যান্সই মূলত তাকে সুযোগ করে দিয়েছে আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে।

এখন পর্যন্ত ৭৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন শাকিল। ৪৪.৪৪ গড়ে ২ হাজার ৪৮৯ রান করেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ৪ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে ফিফটি ২০টি।

আফগানিস্তান সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে যারা এশিয়া কাপের দলে আছেন, তাদের রোববার মুলতানে পৌঁছানোর কথা। তবে তাদের মধ্যে বাবর আজম, ইমাম-উল-হাক ও নাসিম শাহ রোববার লাহোরে যাবেন। পরদিন সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন তারা।

এশিয়া কাপের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফাখার জামান, আবদুল্লাহ শাফিক, ইমাম-উল-হাক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।

রিজার্ভ: তাইয়াব তাহির