১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটা অঙ্কের পারিশ্রমিকে ১১ বছর পর বিগ ব্যাশে স্টোকস

প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

মোটা অঙ্কের পারিশ্রমিকে ১১ বছর পর বিগ ব্যাশে স্টোকস
দ্বিতীয়বারের মতো বিগ ব্যাশে খেলবেন বেন স্টোকস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 07:28 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

এক দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে চুক্তিবদ্ধ করেছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারেন অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। 

২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময়েই পাওয়া যাবে স্টোকসকে। গত সপ্তাহে নতুন চুক্তি কাঠামো নিশ্চিত হওয়ার পর প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কোনো দলে যোগ দিলেন তিনি। এই নতুন কাঠামো বিগ ব্যাশকে সরাসরি খেলোয়াড় চুক্তির মডেলে ফিরিয়ে এনেছে এবং ক্লাবগুলোকে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা দিয়েছে।

এর ফলে মোটা অঙ্কের পারিশ্রমিকে স্টোকসের মতো খেলোয়াড় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, তার চুক্তির মূল্য প্রায় পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার), যা ড্রাফটের প্ল্যাটিনাম স্তরের আগের সর্বোচ্চ চার লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলারের চেয়ে অনেক বেশি। আগামী দিনগুলোতে অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও মোটা অঙ্কের চুক্তি হতে পারে।

স্টোকসকে দলে নিতে আগ্রহী ছিল বেশ কয়েকটি ক্লাব, কিন্তু শেষ পর্যন্ত স্ট্রাইকার্সই তার সঙ্গে এক বছরের চুক্তি নিশ্চিত করেছে মঙ্গলবার। এই দলের কোচ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন, যিনি ২০১৯ সালে হেডিংলিতে স্টোকসের সেই বীরোচিত ম্যাচ জেতানো ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার নেতৃত্বে ছিলেন।

অ্যাডিলেইড স্ট্রাইকার্সে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত ৩৫ বছর বয়সী স্টোকস।

“অস্ট্রেলিয়ায় খেলতে সবসময়ই উপভোগ করেছি আমি, আর যখন স্ট্রাইকার্সে যোগ দেওয়ার সুযোগটি এলো, তখন সেটা হাতছাড়া করতে পারিনি। অ্যাডিলেইড ওভাল ক্রিকেট খেলার জন্য অসাধারণ জায়গা, বিগ ব্যাশ চমৎকার এক প্রতিযোগিতা এবং স্ট্রাইকার্সের দারুণ একটি দল রয়েছে। তাই খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে, দলে পুরোপুরি যুক্ত হতে এবং একটি সফল মৌসুমে অবদান রাখতে উন্মুখ হয়ে আছি আমি।

“শুরু করার জন্য আমার তর সইছে না, দলের সঙ্গে কিছু বিশেষ স্মৃতি তৈরি করতে এবং স্ট্রাইকার্সের ভক্তদের আনন্দ করার মতো অনেক কিছু উপহার দিতে চাই।”

গত জুনে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন স্টোকস। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারা সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চলাকালীন এই ঘোষণা দেন তিনি।

বিগ ব্যাশে এটি হবে স্টোকস দ্বিতীয় মৌসুম। ২০১৪-১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি।

স্ট্রাইকার্সের হয়ে স্টোকসের প্রথম ম্যাচ হবে আগামী ১৬ ডিসেম্বর ক্যানবেরায় সিডনি থান্ডারের বিপক্ষে, যে দলে থাকবেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। 

২০২৪ সালে ‘দা হান্ড্রেড’ আসরের পর থেকে স্টোকস কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি, ওই আসরে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। ২০২৫ সালের শুরুতে এমআই কেপ টাউনের হয়ে দক্ষিণ আফ্রিকা এসএটোয়েন্টিতে খেলার কথা ছিল তার, কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে আরেকবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় তিনি ছিটকে যান।

আইপিএলে তিনটি দলের হয়ে খেলেছেন স্টোকস, যার সবশেষটি ছিল ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে। তার দুটি টি-টোয়েন্টি শতকই আইপিএলে করা। তবে ২০ ওভারের ক্রিকেটে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি এসেছিল অস্ট্রেলিয়ায়, যখন তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের শিরোপা জয়ে রাখেন উল্লেখযোগ্য অবদান।