২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে হারানোর সুযোগ না পাওয়ায় হতাশ স্কটল্যান্ড

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য ছোট হয়ে এলেও ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন।

ইংল্যান্ডকে হারানোর সুযোগ না পাওয়ায় হতাশ স্কটল্যান্ড
দারুণ জুটিতে স্কটল্যান্ডকে বড় পুঁজিই এনে দিয়েছিলেন দুই ওপেনারর মাইকেল জোন্স ও জর্জ মানজি। ছবি: স্কটল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 09:40 AM

Updated : 26 Aug 2026, 09:43 AM

দফায় দফায় বৃষ্টিতে ম্যাচ নেমে এলো ১০ ওভারে। দুই ওপেনারের সৌজন্যে ভালো সংগ্রহ পেল স্কটল্যান্ড। ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে আরও বাড়ল তা। ইংল্যান্ডের সামনে দাঁড়াল বড় লক্ষ্য। কিন্তু আরও একবার প্রকৃতির বাগড়ায় আর খেলাই সম্ভব হলো না। তাই চ্যাম্পিয়নদের হারানোর সুযোগ হারিয়ে হতাশ স্কটিশরা। 

বারবাডোজে মঙ্গলবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইংল্যান্ড-স্কটল্যান্ড। দুই দফার বৃষ্টি সামলে নির্ধারিত ১০ ওভারে ৯০ রান করে স্কটল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৯ রানের। এই রান তাড়ায় অবশ্য মাঠে নামার সুযোগই পায়নি তারা। পরিত্যক্ত হয় ম্যাচ।

কেনসিংটন ওভালের উইকেটের অনিশ্চয়তা মাথায় রেখেই টস জিতে ব্যাটিং নেন স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন। নির্ধারিত সময়ে অনেক পরে শুরু হওয়া ম্যাচে ৬.২ ওভারে ৫১ রান করেন মাইকেল জোন্স ও জর্জ মানজি। এরপর আবার নামে বৃষ্টি। ঠিক করা হয় ইনিংসপ্রতি ১০ ওভার করে হবে খেলা।

পরে ব্যাটিংয়ে নেমে বাকি থাকা ২২ বলে ৩৯ রান নেন দুই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোন উইকেটে স্কটল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। ৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন জোন্স। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪১ রান করেন মানজি।

স্কটিশদের ব্যাটিং শেষ হওয়ার পর আবার নামে বৃষ্টি। এই দফায়ও অনেক সময় নষ্ট হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। 

ম্যাচ শেষে তাই হতাশার শেষ নেই স্কটিশ অধিনায়কের। বেরিংটন বলেন, বৃষ্টিভেজা কন্ডিশনে উইকেট থেকে আরও সাহায্য পেতে পারতেন তারা। 

“আমার মতে, নিশ্চিতভাবেই আমাদের একটি সুযোগ ছিল। আবহাওয়ার কারণে পিচের ওপর কেমন প্রভাব পড়ে সেটি দেখতে পাওয়া দারুণ হতো। কারণ যেমনটা আশা করেছিলাম, কিছুটা অসম বাউন্স ছিল। আমরা যদি বোলিং ও ফিল্ডিং ভালো করতাম, নিশ্চিতভাবেই (ইংল্যান্ডকে হারানোর) সুযোগ থাকত।”

“পুরো ম্যাচ না হওয়ায় আমার মতে, সবাই হতাশ। অন্তত কিছু ইতিবাচক দিক আছে নেওয়ার মতো। যে দুজন মাঠে নেমেছিল, খুব ভালো খেলেছে। ক্রিজে ভালো সময় কাটিয়েছে, সামনে এটি আমাদের কাজে লাগবে। তবে এখানে পুরো ম্যাচ খেলতে না পারায় আমরা হতাশ।”

ইংল্যান্ডের ভাবনা অবশ্য ভিন্ন। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড ও ভারী বলে ১০ ওভারে ১০৯ রানের লক্ষ্য তেমন কঠিন হতো না মনে করেন ম্যাথু মট। এই প্রসঙ্গে তিনি টি-টেনের উদাহরণও দেন।

“আমি মনে করি, আমাদের সব ধরনের সুবিধা ছিল। বলটা ভেজা থাকত। পুরো ১০ উইকেট বাকি, মাত্র ১০ ওভার খেলতে হতো। আমার মতে, আমরা যদি মাঠে নামতে পারতাম, স্কটল্যান্ডের জন্য এটি বেশ কঠিন হতো, বিশেষ করে অমন শুরু পাওয়ার পর।”

“তবে লক্ষ্য আমাদের নাগালের মধ্যেই ছিল। ছেলেরা খেলার জন্য উন্মুখ ছিল। ২০ ওভারের ম্যাচেও আমরা (১০ ওভারে) এমন স্কোরের কথাই ভাবতাম। তাই অবশ্যই আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম।”

বার্বাডোজেই নিজেদের পরের ম্যাচ খেলবে দুই দল। বৃহস্পতিবার স্কটল্যান্ডের প্রতিপক্ষ নামিবিয়া। আর শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।