কালী পূজার জন্য পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলের অনুরোধ
নিরাপত্তাজনিত কারণে কলকাতা পুলিশের পরামর্শে ভারতীয় বোর্ডকে এই অনুরোধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
আনুষ্ঠানিকভাবে এখনও জানানো না হলেও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচির পরিবর্তন অনেকটাই নিশ্চিত। এবার বদলে যেতে পারে আরও একটি ম্যাচের তারিখ। কলকাতায় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আনতে ভারতীয় বোর্ডকে অনুরোধ করেছে দা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ১২ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে সেদিনই কালী পূজা, এই অঞ্চলের বড় এক ধর্মীয় উৎসব। সিএবি তাই বিসিসিআইকে অনুরোধ করেছে ম্যাচের সূচিতে বদল আনতে। সম্ভাব্য দিন হিসেবে তারা প্রস্তাব করেছে ১১ নভেম্বরকে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, সিএবি কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার সভায় বসেছিলেন কলকাতা পুলিশের কর্তারা। সেখানে উঠে আসে নিরাপত্তার ব্যাপারটি। কালী পূজা উপলক্ষে শহরের নানা জায়গায় বড় জমায়েত হয়ে থাকে। নিরাপত্তা নিয়ে তাই শঙ্কার জায়গা থেকে যায়।
একদিনে এত বড় উৎসব এবং বিশ্বকাপের বড় ম্যাচ সামলানো নিয়ে নিজেদের সীমাবদ্ধতা ও ঝুঁকির কথা জানায় কলকাতা পুলিশ। সভার পরই বিসিসিআই সচিব জয় শাহকে চিঠি দিয়ে ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায় সিএবি।
ম্যাচটি যাতে কলকাতা থেকে সরিয়ে নেওয়া না হয় এবং স্রেফ তারিখই পরিবর্তন করা হয়, সিএবি এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহায়তাও চেয়েছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
কলকাতায় বাংলাদেশেরও দুটি ম্যাচ আছে। ২৮ অক্টোবর এখানে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে বাংলাদেশ, ৩১ অক্টোবর খেলবে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালও হবে ইডেনেই।
আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তন হতে যাচ্ছে ধর্মীয় উৎসবের কারণেই। সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ১৫ অক্টোবর। গুজরাটের ৯ দিন ব্যাপী ‘নাভারাত্রি’ উৎসবের প্রথম দিনই সেটিই। ম্যাচটি তাই একদিন এগিয়ে আনা একরকম নিশ্চিতই হয়ে গেছে।
ওই একটি ম্যাচের সূচি পরিবর্তনের জের ধরে আরও কয়েকটি ম্যাচের সূচি বদলে যাওয়ার কথা। এখন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচি বদলে গেলে আরও কয়েকটি ম্যাচের তারিখও এদিক-সেদিক করতে হবে নিশ্চিতভাবেই।
এমনিতে বিশ্বকাপের সূচি বছর খানেক আগে চূড়ান্ত হয়ে গেলেও এবার ভারতের নানা জটিলতার কারণে তা দেরি হয় অনেক। প্রবল আলোচনা-সমালোচনার পর বিশ্বকাপ শুরুর মাত্র ১০০ দিন আগে গত ২৭ জুন সূচি প্রকাশ করা হয়। কিন্তু সেই সূচিতে বেশ কিছু পরিবর্তন আসা এখন নিশ্চিত। তাই এখনও টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়নি। মিডিয়া অ্যাক্রিডিটেশন প্রক্রিয়াও শুরু হয়নি এখনও।
