২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পর ফিরেই ব্যাটে-বলে নায়ক রাসেল

ফেরার ম্যাচে আন্দ্রে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

দুই বছর পর ফিরেই ব্যাটে-বলে নায়ক রাসেল

ম্যাচের পর ভক্তদের আব্দার মেটাচ্ছেন জয়ের নায়ক আন্দ্রে রাসেল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:05 AM

Updated : 13 Dec 2023, 06:29 PM

আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর মানে অনেক লম্বা সময়। কত কিছু হয়ে যায় এই সময়ে! কিন্তু আন্দ্রে রাসেল আছেন যেন আগের মতোই। ফেরার ম্যাচেই দুর্দান্ত বোলিং আর ক্যামিও ইনিংসে অভিজ্ঞ অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন দারুণ এক জয়। আরও একবার যেন বুঝিয়ে দিলেন, টি-টোয়েন্টি ক্রিকেট ও রাসেল এরকম সমার্থক।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বারবাডোজে রাসেলের অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অলআউট হয় ১৭১ রানে। ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় ১১ বল বাকি রেখে।

গোটা ম্যাচে ফিফটি করতে পারেননি একজনও। ইংলিশ ওপেনার ফিল সল্টের ৪০ রান ম্যাচের ব্যক্তিগত সর্বোচ্চ, তাদের অধিনায়ক জস বাটলার করেন ৩৯। ওয়েস্ট ইন্ডিজের কেউ তো অতটাও করতে পারেননি। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা জিতে যায়।

সেই সবার মধ্যেও আবার আলাদা আন্দ্রে রাসেল। কন্ডিশন ও উইকেটকে কাজে লাগিয়ে বৈচিত্রময় বোলিংয়ে ৩ উইকেট নেন তিনি ৪ ওভারে কেবল ১৯ রান দিয়ে। এরপর রান তাড়ার শেষ দিকে যখন ওভারপ্রতি লাগে প্রায় ১০ রান, রাসেল অপরাজিত থাকেন ১৪ বলে ২৯ রান করে। শেষ দিকে ঝড় তুলে জয় সহজ করে তোলেন অধিনায়ক রভম্যান পাওয়েলও (১৫ বলে ৩১*)।

অথচ ম্যাচের শুরুটা ইংল্যান্ডের ছিল বিস্ফোরক। ম্যাচের প্রথম ওভারেই আকিল হোসেনকে তিনটি বাউন্ডারি মারেন ফিল সল্ট। পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলকে চার ও ছক্কা মারেন জস বাটলার। ষষ্ঠ ওভারে আলজারি জোসেফকে এলোমেলো করে দুজন তোলেন ২৬ রান।

পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৭৭ রান!

পাওয়ার প্লে শেষ হওয়ার পরই ২০ বলে ৪০ রান করা সল্টকে ফিরিয়ে জুটি ভাঙেন রাসেল। তিনে নামা উইল জ্যাকস টানা দুই বলে জোসেফকে দুটি ছক্কা মারার পরের বলেই বিদায় নেন। নবম ওভারে তবু একশ পেরিয়ে যায় ইংল্যান্ড।

Image

উইকেট ও কন্ডিশন কাজে লাগিয়ে বোলিংয়ে তিন উইকেট নেন রাসেল। 

এরপর আকিল হোসেন যখন ফিরিয়ে দেন ৩১ বলে ৩৯ রান করা বাটলারকে, ইংল্যান্ডের রানের গতিও কমে আসে ক্রমে।

মিডল অর্ডারে হ্যারি ব্রুক, বেন ডাকেট, পরে স্যাম কারানরা ভালো করতে পারেননি। এই সময় টানা ২৬ বলে আসেনি কোনো বাউন্ডারি। লোয়ার অর্ডারে শেষ চার ব্যাটসম্যান মিলে করেন চার রান। ৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায়।

কেবল লিয়াম লিভিংস্টোনের ১৯ বরে ২৭ রানের ইনিংসে ১৭১ পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড।

রান তাড়ার শুরুটা ওয়েস্ট ইন্ডিজও শুরুটা করে আক্রমণাত্মক। স্যাম কারানের প্রথম ওভারেই দুই ছক্কা এক চারে ১৬ রান নেন ব্র্যান্ডন কিং। পরের ওভারে উইল জ্যাকসকে স্টেডিয়ামে ছদে আছড়ে ফেলে শুরু করেন আরেক ওপেনার কাইল মেয়ার্স।

তৃতীয় ওভারেই অবশ্য ধাক্কা খায় তারা। ১২ বলে ২২ রান করে কিং আউট হয়ে যান ক্রিস ওকসের বলে বেন ডাকেটের দারুণ ক্যাচে। তবে টাইমল মিলসকে ১০৩ মিটার লম্বা ছক্কায় চাপও যেন সরিয়ে দেন মেয়ার্স। তিনে নামা শেই হোপও ক্রিজে গিয়েই ছক্কা মারেন ওকসকে।

তাদের ছক্কার ঝড় চলতে থাকে। লেগ স্পিনার রেহান আহমেদের প্রথম ওভারে দুই ছক্কা মারেন মেয়ার্স, একটি হোপ।

আদিল রাশিদ আক্রমণে এসে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। ২১ বলে ৩৫ রান করা মেয়ার্সকে তিনি ফিরিয়ে দেন প্রথম বলেই। পরে শিমরন হেটমায়ারকে ফিরিয়ে প্রথম ইংলিশ বোলার হিসেবে পূরণ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট।

এর মধ্যেই রেহান ফিরিয়ে দেন নিকোলাস পুরানকে। তবে শেই হোপ এগিয়ে নেন দলকে।

পঞ্চদশ ওভারে ম্যাচে নাটকীয়তা ফেরান রেহান। পরপর দুই বলে তিনি বিদায় করে দেন হোপ (৩০ বলে ৩৬) ও ওয়ানডে সিরিজের নায়ক রোমারিও শেফার্ডকে (০)।

ওয়েস্ট ইন্ডিজের তখনও লাগে ৫.২ ওভারে ৪৯ রান।

তবে ক্রিজে যখন রভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলের মতো দুজন, তখন এই লক্ষ্য আর এমন কী! লিভিংস্টোনকে পরপর দুই বলে ছক্কা মারেন পাওয়েল। রাসেল ছক্কায় ওড়ান মিলসকে, পরে রশিদের গুগলিতে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে।

দুজন মিলে ৪৯ রান তুলে ফেলেন ২১ বলেই।

ম্যান অব দা ম্যাচ কে, তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না!

সিরিজের পরের ম্যাচ আগামীকাল গ্রেনাডায়।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৭১ (সল্ট ৪০, বাটলার ৩৯, জ্যাকস ১৭, ডাকেট ১৪, ব্রুক ১, লিভিংস্টোন ২৭, কারান ১৩, ওকস ৩*, রেহান ১, রশিদ ০, মিলস ০, আকিল ৪-০-৩২-১, হোল্ডার ৪-০-৪৩-১, রাসেল ৪-০-১৯-৩, ৩.৩-০-৫৪-৩, শেফার্ড ৪-০-২২-২)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৮.১ ওভারে ১৭২/৬ (কিং ২২, মেয়ার্স ৩৫, হোপ ৩৬, পুরান ১৩, হেটমায়ার ১, পাওয়েল ৩১*, শেফার্ড ০, রাসেল ২৯*; কারান ২.১-০-২৩-০, জ্যাকস ১-০-১৪-০, ওকস ২-০-১৫-১, মিলস ৩-০-৩৪-০, রেহান ৪-০-৩৯-৩, রশিদ ৪-০-২৫-২, লিভিংস্টোন ২-০-২১-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: আন্দ্রে রাসেল।