কুমিল্লার চারে সালাউদ্দিনের চার
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চার শিরোপার প্রতিটিতেই প্রধান কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।
কোচিংয়ের দিক থেকে আগের যে কোনো আসরের চেয়ে ভিন্ন ছিল এবারের বিপিএল। সাত দলের পাঁচটিতে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন দেশিরা। সেখান থেকে চারজন ছিলেন শেষ চারে। শেষ পর্যন্ত বিজয়ীর হাসি সেই চেনা মুখেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরও এক শিরোপা জয়ের পেছনে নায়ক মোহাম্মদ সালাউদ্দিন।
২০১৫ আসরে বিপিএলে যাত্রা শুরু কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির। গত সাত আসরের মধ্যে ছয়টিতে অংশ নিয়েছে তারা। প্রতিবারই দলের প্রধান কোচ ছিলেন সালাউদ্দিন। তার কোচিংয়েই চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। বিপিএলে সালাউদ্দিনের চেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড নেই আর কোনো কোচের।
ঘরোয়া ক্রিকেটে প্রায় দুই দশক ধরে কোচিংয়ে সালাউদ্দিন। খেলোয়াড়ি ক্যারিয়ার বেশি লম্বা না করে সমসাময়িক অন্যদের চেয়ে অনেক আগেই শুরু করেন কোচিংয়ে হাত পাকানো। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজের অভিজ্ঞতাও আছে বিপিএলের সফলতম এই কোচের।
কুমিল্লার হয়ে সবকয়টি শিরোপা জিতলেও কোচ হিসেবে বিপিএলে সালাউদ্দিনের প্রথম আসর ছিল ২০১৩ সালে। সেবারও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী নাফিসা কামালের মালিকানায় সিলেট রয়্যালসের কোচ ছিলেন সালাউদ্দিন। তবে প্রথম পর্বে দারুণ খেলেও সেবার ফাইনালে ওঠা হয়নি সিলেটের।
ফিক্সিং কাণ্ডে এক বছর বন্ধ থাকার পর বদলে যায় সালাউদ্দিনের ঠিকানা। কুমিল্লায় পাড়ি জমিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে জুটি বেঁধে প্রথম আসরেই দলকে এনে দেন সাফল্য। এক আসর পর মাশরাফি চলে যান নতুন দলে। তবে থেকে যান সালাউদ্দিন। আছেন এখনও।
প্রথম শিরোপা জয়ের পর দুই আসর সাফল্যের দেখা পায়নি সালাউদ্দিনের কুমিল্লা। প্রায় তিন বছরের বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯ আসরে ফের চ্যাম্পিয়ন হয় তার দল। মাঝে এক আসরে অংশ নেয়নি কুমিল্লার এই ফ্র্যাঞ্চাইজি। আবার ফিরে সবশেষ দুই আসরেই দলকে চ্যাম্পিয়ন করালেন সালাউদ্দিন।
নিজের অর্জন-কীর্তি নিয়ে কখনও খুব একটা কথা বলতে দেখা যায় না সালাউদ্দিনকে। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বৃহস্পতিবার চতুর্থ শিরোপা অর্জনের পর তিনি বললেন দলের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।
“আমাদের লক্ষ্যটাই অন্যরকম। আমরা মাঠে নামি যখন চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামি। স্বপ্ন না থাকলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না। প্রথম থেকেই আমাদের লক্ষ্য থাকে ফাইনাল খেলব। তারপর আল্লাহ আমাদের পথ দেখিয়ে দেন।”
সালাউদ্দিনের মতোই কুমিল্লার সবকয়টি শিরোপার সাক্ষী ইমরুল কায়েস। এর মধ্যে সবশেষ তিন চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্ব করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ফাইনালের পর সংবাদ সম্মেলনে কোচের প্রসঙ্গ উঠতেই ইমরুল বলে উঠলেন ‘লেজেন্ড… লেজেন্ড।’ পরে কুমিল্লা অধিনায়ক বললেন, ক্রিকেটারদের সঙ্গে কোচের রসায়ন এই দলের সাফল্যের বড় কারণ।
“আমি দেশি বিদেশি অনেক কোচের সঙ্গেই কাজ করেছি। সবচেয়ে বড় বিষয় হলো, উনি (সালাউদ্দিন) যে খেলোয়াড়কে নেন, বিশ্বাসটা রাখেন ওই খেলোয়াড়ের ওপর। আমিই যেমন বিপিএলে খুব একটা ভালো খেলিনি। তবে আমি চেষ্টা করেছি যখনই যাই, দলের প্রয়োজন অনুযায়ী খেলার জন্য। উনি আমার প্রতি ওই বিশ্বাসটা রেখেছেন যে, আমি হয়তো গিয়ে কিছু করতে পারব।”
“একজন ক্রিকেটারের সঙ্গে কোচের রসায়ন এমনই হওয়া উচিত। আমাদের দলের অনেকেই হয়তো ম্যাচ খেলেনি, তারাও বলতে পারবে না যে স্যার তাদের সাথে অন্যরকম ব্যবহার করেছে। সবসময়ই তারা স্যারের কাছাকাছি। আমরা এভাবেই দলের পরিবেশটা তৈরি করি। এদের আমাদের বন্ধনটা ভালো থাকে এবং দলের সবাই খুশি থাকে।”
