মিরপুর টেস্টে ‘ভালো উইকেট’ দেখছে দুই দল
ম্যাচের আগের দিন উইকেটে ছিল ঘাসের ছোঁয়া, পরে আরও কাটা ঘাস ছড়িয়েও রোল করা হয় উইকেট।
দুই দল ততক্ষণে অনুশীলন শেষ করে টিম হোটেলে ফিরে গেছে। চৈত্রের রোদের তেজ তখন কমতে শুরু করেছে। এর মাঝে মাঠকর্মীদের নিয়ে শুরু হলো কিউরেটর গামিনি সিলভার ব্যস্ততা। উইকেটের ওপর কাটা ঘাস ছড়িয়ে চালানো হলো রোলার। তাতে সবুজাভ ভাব যেন কিছুটা বাড়ল। ম্যাচের দিন সকালে তা চমক হতে পারে দুই দলের জন্য। তবে এর আগে উইকেট দেখে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ভাবনা অভিন্ন, ভালো উইকেটে হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
একটা সময় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট মানেই ছিল স্পিন স্বর্গে খেলা। ম্যাচের প্রথম সেশন থেকে বল নিচু হওয়া, বড় বড় বাঁক খাওয়া বা অসম বাউন্স ছিল নিয়মিত চিত্র। স্পিনারদের দাপটে তিন-চার দিনেই শেষ হতো যে কোনো ম্যাচ।
সাদা বলের ক্রিকেটে সেখান থেকে বেরিয়ে ভালো উইকেটে খেলার বার্তা আগেই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার টেস্টেও মিলল তেমন কিছুর আভাস।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে রোববার দুই দলের অনুশীলন শুরুর দিন দেখা যায়, সবুজ উইকেটে রয়েছে সতেজ ঘাসের উপস্থিতি। পরদিন অনুমিতভাবেই ছাঁটা হয়েছে কিছু ঘাস। তবে মিলিয়ে যায়নি সবুজের ছোঁয়া।
এমন উইকেটে ব্যাট-বলের জমাট লড়াই হবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এই স্পিনার বললেন, সবার জন্যই সুযোগ থাকবে এই উইকেটে।
“আমাদের হোম কন্ডিশনের খেলা। যেটা সবসময় বলা হয়, আমরা স্পিন সহায়ক দল। স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে পেস বোলারদেরও সুযোগ থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সব দিকেই আমরা ভালো করতে পারি। ব্যাটসম্যানরাও ভালো করতে পারি, পেসার-স্পিনাররাও।”
“ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর সুযোগ থাকবে। যেন আমরা যথাযথ টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। সেরকমভাবে আমাদের দল সাজানো হচ্ছে। পেস বোলিং, স্পিন বোলিং বা ব্যাটসম্যান- তিনটা বিভাগেই যেন আমরা ভালো করতে পারি।”
বাংলাদেশ অনুশীলন শেষ করে যাওয়ার পর আসে আয়ারল্যান্ড দল। মাঠে ঢুকে বেশ কিছুক্ষণ উইকেট পর্যবেক্ষণ করতে দেখা যায় অ্যান্ড্রু বালবার্নিকে। তার কাছেও উইকেট ভালো বলেই মনে হয়েছে।
“(উইকেট) দেখে খুব ভালো মনে হয়েছে। আমি ঠিক জানি না, তারা আজকে আবার ঘাস ছাঁটবে কি না। তবে আমরা এই মাঠ নিয়ে নিজেদের হোমওয়ার্ক করেছি। মাঠে নেমে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে, হোক আমরা আগে ব্যাটিং করি অথবা বোলিং। উইকেটের ভাবনায় খুব বেশি প্রভাবিত হতে চাই না। আমরা নিজেদের দিকে মনোযোগ দেব।”
