২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসারাঙ্গাকে সরিয়ে শীর্ষে ফিরলেন সাকিব

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় এখন সবার ওপরে বাংলাদেশের তারকা ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 04:01 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে আলো ছড়ালেও ব্যাটিংয়ে একেবারেই নিষ্প্রভ ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার এই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন তিনি। এতে শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ব্যাটিংয়ে কোনো রানই করতে পারেননি হাসারাঙ্গা। ৭৭ রানে গুটিয়ে টি-টোয়েন্টি নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ে লঙ্কানরা। পরে বল হাতে ২২ রান দিয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা।

রেটিং পয়েন্ট হারানোয় অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে নেমে গেছেন তিনি। লঙ্কান অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ২২২। শীর্ষস্থান ফিরে পাওয়া সাকিবের রেটিং পয়েন্ট ২২৩।

লঙ্কানদের হারানোর ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ রানে ৪ উইকেট নেন আনরিখ নরকিয়া। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এই পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন এই পেসার। আছেন অষ্টম স্থানে।

টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে নরকিয়া তৃতীয় পেসার। অস্ট্রেলিয়া জশ হেইজেলউড এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফাজালহাক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।