হাথুরুসিংহে আসার সম্ভাবনার প্রশ্নে সাকিব বললেন, ‘নো কমেন্টস’
হাথুরুসিংহের আবার কোচ হওয়ার গুঞ্জন নিয়ে তেমন কিছু বলতে চাইলেন না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
“চান্দিকা হাথুরুসিংহে আসছেন বলে শোনা যাচ্ছে, আজকে নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়ে দিয়েছেন। আপনার মন্তব্য কি, পুরনো কোচ কেমন করবেন?”
সাকিব আল হাসান: নো কমেন্টস।
“তার সঙ্গে আগে কাজ করেছেন। কাজ করতে কেমন লাগে, আবার তিনি এলে কেমন হবে?”
সাকিব আল হাসান: ঠিক আছে…।
সিলেটে সাকিব সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বিপিএলে তার দলের ম্যাচ শেষে। বিপিএল নিয়েও কথাও টুকটাক হলো। কিন্তু এ দিন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উচ্চারিত নাম তো হাথুরুসিংহে!
সাবেক কোচ আবার বাংলাদেশের দায়িত্বে ফিরছেন বলে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। সেই খবর শক্ত ভিত পেয়ে যায় মঙ্গলবার। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার জানান, আন্তর্জাতিক কোচিংয়ে ফেরার ইচ্ছা থেকে তাদের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাথুরুসিংহে। বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তাই দুইয়ে দুইয়ে চার মেলানো যায় সহজেই।
এমন দিনে দেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে পেলে তো তার কাছে এই প্রসঙ্গে প্রশ্ন যাবেই। সাকিবকেও তা করা হলো। কিন্তু স্রেফ ছোট্ট ওই দুটি করে শব্দেই তিনি জানালেন কিংবা বোঝালেন তার প্রতিক্রিয়া।
এবারের বিপিএলের শুরুটা দুর্দান্ত ছিল সাকিবের। নিজের প্রথম চার ইনিংসের মধ্যে ফিফটি করেন তিনটি। ছাড়িয়ে যান আগের ক্যারিয়ার সেরা ইনিংস। রান করতে থাকেন প্রায় দুইশ স্ট্রাইক রেটে। তবে সবশেষ ম্যাচগুলিতে আবার পারফরম্যান্সে একটু ভাটার টান। রান সংগ্রহের তালিকায় শীর্ষ থেকে নেমে গেছেন তিনে। তার পরও এখন তার ৫১.৮৩ গড় ও ১৮৫.১১ স্ট্রাইক রেটে ৩১১।
সাকিবের আশা, টুর্নামেন্টের সামনের ম্যাচগুলিতে আবার তিনি রানে ফিরতে পারবেন।
“ভালো লাগে, উপভোগ করি (সাফল্য)। যতটা বলছেন, আমার মনে হয় না এতটাও ভালো অবস্থায় আছি। ভালো যাচ্ছিল, কিন্তু সবশেষ কয়েকটা ম্যাচ ওরকম ভালো ব্যাটিং করিনি। আশা করব আবার যেন ভালোভাবে ব্যাটিং করতে পারি, যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম। শেষ দিকে এসে যেন আবার সেভাবে শেষ করতে পারি।”
