১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে আগারওয়ালের রেকর্ড
রঞ্জি ট্রফির ম্যাচে খুনে ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তন্ময় আগারওয়াল।
রান রেট ১১.০২! দেখে মনে হতে পারে কোনো টি-টোয়েন্টি ম্যাচের। এই সংস্করণ তো নয়ই, সাদা বলের কোনো ক্রিকেটেও নয়। খুনে ব্যাটিংয়ের এই কীর্তি ভারতের রঞ্জি ট্রফির এক ম্যাচে। সেখানে বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন হায়দরাবাদের তন্ময় আগারওয়াল।
১৪৭ বলে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়ে ২৮ বছর বয়সী এই ওপেনার অপরাজিত ৩২৩ রানে। তার ১৬০ বলের টর্নেডো ইনিংস গড়া ২১ ছক্কা ও ৩৩ চারে।
অরুনাচল প্রদেশের বোলারদের রান বন্যায় ভাসিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার দেড়শ বলের নিচে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন আগারওয়াল।
রেকর্ডটি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইসের। ২০১৭ সালে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ১৯১ বলে তিনশ ছুঁয়েছিলেন তিনি। আগারওয়ালের লেগেছে তার চেয়ে ৪৪ বল কম!
অবিশ্বাস্য এই ইনিংস খেলার পথে সাবেক ভারত অধিনায়ক রাভি শাস্ত্রীর ৩৯ বছর পুরোনো একটি রেকর্ডও ভেঙেছেন আগারওয়াল। ১১৯ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন তিনি। ভারতীয় কোনো ব্যাটসম্যানের যা দ্রুততম। প্রথম শ্রেণির ক্রিকেটে এর চেয়ে কম বলে ডাবল সেঞ্চুরি আছে কেবল একটি।
ঘরোয়া কোনো টুর্নামেন্টে এক ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা ছিল ইশান কিষানের (১৪)। সেটি পেরিয়ে আরও দূরে ছুটছেন আগারওয়াল। এরই মধ্যে মেরেছেন ২১ ছক্কা।
হায়দরাবাদে শুক্রবার ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে নেমে ৩৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় অরুনাচল প্রদেশ। ৯৭ রানে অপরাজিত থাকেন ওপেনার টেচি দোরিয়া।
জবাব দিতে নেমে ঝড় তোলেন আগারওয়াল ও অধিনায়ক রাহুল সিং। দুজনে ৪০.২ ওভারে গড়েন ৪৪৯ রানের উদ্বোধনী জুটি।
১০৫ বলে রাহুল ১৮৫ রান করে ফিরে গেলেও এগিয়ে যাচ্ছেন আগারওয়াল। তার ব্যাটে ৪৮ ওভারে ১ উইকেটে ৫২৯ রান নিয়ে দিন শেষ করেছে হায়দরাবাদ।
আগারওয়ালের শুরুটা খুব ঝড়ো ছিল না। তিনি পঞ্চাশ ছুঁয়েছিলেন ৪৯ বলে। এরপর রানের গতি বাড়িয়ে ৮০ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। পরের ৬৭ বলে করেন আরও দুইশ রান!
প্রথম শ্রেণির ক্রিকেটে আগারওয়ালের আগের সেরা ছিল ১৩৭। সবে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। রান তাই বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে আরও।
