২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চা বাগান এলাকায় স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে সিটি ব্যাংক-অক্সফ্যামের চুক্তি

“এর মাধ্যমে বাস্তবসম্মত ও জলবায়ু সহনশীল সমাধান দিতে চাই, যা চা বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনবে,” বলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 05:44 PM

Updated : 23 Sep 2026, 05:43 PM

চা বাগান এলাকার জনগোষ্ঠীর নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে একসঙ্গে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফ্যাম ইন বাংলাদেশ।

বুধবার ঢাকায় সিটি ব্যাংক সেন্টারে এক অনুষ্ঠানে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং অক্সফাম ইন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর অনীল পান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

মাসরুর আরেফিন বলেন, “নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ মানুষের স্বাস্থ্য ও মর্যাদার জন্য অপরিহার্য। এই অংশীদারত্ব সিটি ব্যাংকের সিএসআর কার্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার—নারী ও পরিবেশকে একত্র করেছে।

“এর মাধ্যমে আমরা এমন বাস্তবসম্মত ও জলবায়ু-সহনশীল সমাধান দিতে চাই, যা চা বাগান জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনবে।”

অনীল পান্ত বলেন, “বাংলাদেশের চা শিল্পে নারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অনেক জনগোষ্ঠী এখনও নিরাপদ পানি ও স্যানিটেশনের দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে। ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির কারণে সেই সংকট আরও প্রকট হচ্ছে।

“এই অংশীদারত্ব কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মর্যাদা, অধিকার ও সহনশীলতা নিশ্চিত করার একটি বিশেষ উদ্যোগ।”

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা কাজী আজিজুর রহমান এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শাহরিয়ার জামিল খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মাহমুদা সুলতানা এবং হেড অব ফাইন্যান্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স হালিমা আক্তার মিতু উপস্থিত ছিলেন।