Published : 20 May 2026, 10:01 PM
টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে মিডল্যান্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক চুক্তি সই করেছে।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং’ ও ‘এফএসএফডিএমএসএমই’ পুনঃঅর্থায়ন চুক্তি সই হয়েছে বলে বুধবার মিডল্যান্ড ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ ও দেড় হাজার কোটি টাকার ‘এফএসএফডিএমএসএমই’ (ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ‘রিফাইন্যান্স স্কিমের’ অধীনে ৭ শতাংশ সুদে যোগ্য ক্লাস্টার উদ্যোক্তা ও এসএমই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দেবে। ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে ‘টার্ম লোন’ এবং ‘ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং’ সুবিধা দেওয়া হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মিডল্যান্ড ব্যাংক ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ জাভেদ তারেক খান, এসএমই ডিভিশনের প্রধান আহসান জামিল হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।