Published : 09 Nov 2025, 10:23 PM
দুটি কিস্তি পরিশোধ করা এক গ্রাহকের বীমার পুরো অর্থ দুই দিনের মধ্যে পরিবারের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আরিফুল তার ফ্রিল্যান্সিং আয় দেশে নিয়ে আসাসহ সব ধরনের ব্যাংকিং করতেন আমাদের সঙ্গে। চলতি বছরের এপ্রিলে তিনি যখন আমাদের একটি শাখায় লেনদেনের জন্য আসেন, তখন তাকে ভবিষ্যতের নিরাপত্তা বিবেচনায় ব্যাংকান্সুরেন্সের মাধ্যমে জীবনবীমা করার পরামর্শ দেওয়া হয়েছিল।
"কারণ আমরা সবসময় বলে এসেছি, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে যেকোনো ধরনের বীমা করা হলে প্রিমিয়াম সহজে পরিশোধ করা হয় এবং বীমা দাবিও দ্রুত আদায় হয়।”
তিনি বলেন, “আরিফুল ১২ বছর মেয়াদি বীমা করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত প্রিমিয়ামের মাত্র দুইটি কিস্তি পরিশোধ করলেও ব্যাংকের মাধ্যমে ইন্স্যুরেন্স করায় বীমা দাবির পুরো টাকাটাই তার পরিবার দ্রুত পেয়েছেন।”
আরিফুলের স্ত্রী নাজমুন নাহার বলেন, "প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে বীমার টাকা দাবি করার দুই দিনের মধ্যে চেক পেয়েছি। এখন আমি এই টাকাটা ব্র্যাক ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করতে চাই, যেন এই টাকা থেকে পাওয়া সুদ দিয়ে শ্বশুরের ওষুধের খরচ ও ছেলের পড়াশোনা চালিয়ে যেতে পারি।"