ব্র্যাকের ‘আস্থা’ অ্যাপে মেটলাইফের বীমা সুবিধা
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে।
‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনবীমা ও স্বাস্থ্যবীমার সুবিধা চালু করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংক কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এর ফলে আস্থা অ্যাপ ব্যবহারকারীরা ডিজিটাল প্রক্রিয়ায় মেটলাইফের সাশ্রয়ী বিমা পলিসি কিনতে পারবেন। পাশাপাশি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে বীমা দাবিরও আবেদন করতে পারবেন, যা বীমা সেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও সুবিধাজনক করবে।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং মেটলাইফের সিইও আলা আহমদ।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই সহযোগিতা আমাদের ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের পূর্ণাঙ্গ আর্থিক সল্যুশন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতির প্রতিফলন। মেটলাইফের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা আমাদের আস্থা অ্যাপে বিমা সেবাকে যুক্ত করেছি, যা লাখ লাখ গ্রাহকদের কাছে এই বিমা সেবাকে করবে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক।”
আলা আহমদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বীমা সেবা আরও সম্প্রসারিত করতে পেরে আমরা বেশ আনন্দিত। দেশের দুই শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ দেশে বীমা সেবাকে সহজলভ্য করতে ভূমিকা রাখবে। ব্যাংকিং সেবার পাশাপাশি ব্র্যাক ব্যাংকের শক্তিশালী আস্থা অ্যাপ এখন গ্রাহকদের দেবে মেটলাইফের বিশ্বমানের ইনস্যুরেন্স সল্যুশন।”
চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন ব্র্যাক ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেশনস অফিসার সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা।
মেটলাইফের পক্ষে এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও আলা উদ্দিন, ডিএমডি অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার ওয়াসি নোমান, এএমডি অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং এএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।
