Published : 12 Oct 2025, 01:10 AM
যৌথভাবে ২৫ উদ্যোক্তাকে মাসব্যাপী প্রশিক্ষণ দিল বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের’ (এসআইসিআইপি) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।
শনিবার প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার নিকুঞ্জে প্রাইম টাওয়ারে সম্প্রতি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়। সেখানে সনদপত্র তুলে দেওয়া হয় ২৫ উদ্যোক্তার হাতে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড এসপিডির পরিচালক নওশাদ মোস্তফা, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হেড অব এসএমই মোহাম্মদ আমিনুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রাইম ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা সক্ষমতা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।