১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশে মেট্রোরেলের কার্ড রিচার্জে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার এ ছাড় পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 05:12 PM

মেট্রোরেলের কার্ড রিচার্জ বিকাশ থেকে করার সুযোগ এনেছে মোবাইলে ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানিটি, যাতে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

মেট্রোরেলের দুধরনের কার্ডে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিকাশ থেকে রিচার্জ গ্রাহকরা পাবেন ৫ শতাংশ হারে ক্যাশব্যাক।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবারে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের কার্ড ব্যবহৃত হচ্ছে–র‍্যাপিড ও এমআরটি পাস।

যেকোন অনলাইন ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মঙ্গলবার মেট্রোরেলের কার্ডে রিচার্জ করার সুবিধা চালু হয়। এর সঙ্গে স্টেশনে গিয়ে আগের মত রিচার্জ করার সুবিধাও বহাল রয়েছে।

বিকাশ বলছে, এর ফলে যাত্রীদের আর স্টেশন, ব্যাংকের বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করার ঝামেলা থাকবে না। মেট্রোরেল কর্তৃপক্ষের কার্ড রিচার্জ ব্যবস্থাপনাও হল আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করার জন্য বিকাশ অ্যাপ এর সাজেশন বক্স থেকে মেট্রোরেল আইকনে ট্যাপ করে অথবা সরাসরি র‍্যাপিড পাস এর ওয়েবসাইট (www.rapidpass.com.bd) বা অ্যাপে যেতে হবে। র‍্যাপিড পাস ওয়েবসাইটে নিবন্ধন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর গ্রাহকের কার্ডটির তথ্য দিয়ে কার্ডটি নিবন্ধন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরের ধাপে রিচার্জ অপশনে যেয়ে যে কার্ডটি রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। এরপর পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করে নিশ্চিত করলেই কার্ডটি রিচার্জ হয়ে যাবে।

তবে অনলাইন রিচার্জের পর স্টেশনে থাকা অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি ট্যাপ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে। একটি কার্ডে একবারে ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।