বিইউবিটিতে হয়ে গেল ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের’ লড়াই
সারা দেশ থেকে ৩১৩টি টিমের ৯৩৯ জন ‘প্রোগ্রামার’ এতে অংশগ্রহণ করেন।
কম্পিউটার প্রোগ্রামিং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে হয়ে গেল ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’।
শনিবার বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সকাল ১১টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৩১৩টি টিমের ৯৩৯ জন প্রোগ্রামার টানা ৫ ঘণ্টা ধরে জটিল সব অ্যালগরিদমিক সমস্যার সমাধানে লিপ্ত ছিলেন।
বিইউবিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এবং নির্ধারিত ল্যাবগুলোতে চলে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য অধ্যাপক এবিএম শওকত আলী বলেন, “একটি সফল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে বিইউবিটি গর্বিত। বিজয়ীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।”
এবারের আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে ছিল থেরাপ (বিডি) লিমিটেড। এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও আইসিটি ডিভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতা করে।
