২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৪৩০, মৃত্যু ৪ জনের

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার নেমে এসেছে ৭ দশমিক ০৪ শতাংশে।

কোভিড: শনাক্ত ৪৩০, মৃত্যু ৪ জনের
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে নমুনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 05:13 PM

Updated : 25 Jul 2022, 10:13 AM

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মত পাঁচশর নিচে রয়েছে; সেই সঙ্গে কমেছে শনাক্ত রোগীর হার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।

তাতে এ পর্য শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ এক হাজার ৭৭৫। তাদের মধ্যে মোট ২৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নেমে এসেছে ৭ দশমিক ০৪ শতাংশে, যা আগের দিন ১০ দশমিক ১০ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ২৭০ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩।

নতুন শনাক্ত ৪৩০ জনের মধ্যে ১৪১ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের। এছাড়া একজন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

মৃত চারজনের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৬ কোটি ৯৬ লাখের বেশি।