কোভিড: শনাক্তের হার কমে ৩.৬%
২৪ ঘণ্টায় ১৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।
দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আরও কিছু কমার পাশাপাশি দৈনিক শনাক্তের হার নেমে এসেছে ৪ শতাংশের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।
তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৩ দশমিক ৬ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ০১ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৪০৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৮৭ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৪৫টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। বরিশাল বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
যে তরুণীর মৃত্যু হয়েছে, তিনি ছিলেন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তার বয়স ছিল বিশ বছরের কম। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৯১ লাখ।
