২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে শনাক্ত ২৮২

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 03:56 PM

Updated : 07 Sep 2022, 03:56 PM

দেশে গত এক দিনে আরও ২৮২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে আরও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে।

এক মাস পর সোমবার এক দিনে ৩৩৩ বেশি কোভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ।

মঙ্গলবার শনাক্ত হয় ৩১৩ জন নতুন রোগী, শনাক্তের হার আরও বেড়ে ৬ দশমিক ৭১ শতাংশ হয়। বুধবার নতুন রোগীর সংখ্যা তিনশর নিচে নামলেও শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের কাছাকাছি পৌঁছে গেল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জন হয়েছে। গত এক দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় কোভিডে এ পর্যন্ত মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৩২৯ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন।

গত এক দিনে যে ৩৩৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ২২৬ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৪৮ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৬৩ লাখের বেশি।