২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে শনাক্ত ২৪৩ রোগী

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 04:04 PM

Updated : 29 Aug 2022, 06:34 PM

দেশে গত এক দিনে আরও ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে এই ২৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ ছিল।

রোববার সারাদেশে ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সেদিনও কারও মৃত্যুর খবর আসেনি।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৭৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

নতুন শনাক্ত ১৯৬ জনের মধ্যে ১৮৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪১ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ১০ লাখের বেশি।